Trecking

সাইকেলে চেপে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছলেন গোরক্ষপুরের দিব্যা

জাতীয় খেলা

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ২৮ বছর বয়সী শিক্ষিকা দিব্যা সিং এক অনন্য ইতিহাস রচনা করেছেন। সাইকেলে চেপে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে (EBC) পৌঁছানো প্রথম ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় মহিলা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করে, ১৪ দিনের এক হাড়হিম করা অভিযানের পর ১৭,৫৬০ ফুট উচ্চতায় অবস্থিত এই বেস ক্যাম্পে সফলভাবে পৌঁছান তিনি।
এই দীর্ঘ যাত্রাপথে তাকে চরম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। হিমাঙ্কের ১২ ডিগ্রি নীচে হাড়কাঁপানো ঠান্ডা, অক্সিজেনের ঘাটতি এবং প্রবল ঝোড়ো হাওয়াকে জয় করে তিনি এগিয়ে গিয়েছেন। দুর্গম পাহাড়ি পথে, খাড়া চড়াই এবং এবড়োখেবড়ো রাস্তায় প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা সাইকেল চালিয়েছেন দিব্যা। এমন কিছু দুর্গম পথ ছিল যেখানে সাইকেল চালানো প্রায় অসম্ভব, সেখানে হাল না ছেড়ে তিনি নিজের সাইকেলটিকে কাঁধে তুলে নিয়েই এগিয়ে গিয়েছেন। কাঠমান্ডু থেকে শুরু হওয়া তার এই যাত্রাপথে সালেরি, সুরকে, ফাকডিং, নামচে বাজার, লোবুচে এবং সবশেষে গোরকশেপ পেরিয়ে তিনি তার গন্তব্যে পৌঁছান।
সমাজিকমাধ্যমে ভাইরাল হওয়া দিব্যার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়ের পটভূমিতে নিজের সাইকেলের পাশে দাঁড়িয়ে ভারতের তেরঙ্গা ধরে রয়েছেন দিব্যা। তার এই অসামান্য কৃতিত্ব সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নেটিজেনরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও কঠোর স্ব-প্রশিক্ষণ এবং স্থানীয়ভাবে অনুশীলনের মাধ্যমেই এই বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিয়েছিলেন দিব্যা সিং। গোরক্ষপুরের বিকাশ ভবন থেকে তার এই অভিযানের যাত্রাসূচনা করেছিলেন জেলা আধিকারিকরা। তার এই অভাবনীয় সাফল্যকে ভারতের নারী ক্ষমতায়নের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উদযাপন করা হচ্ছে এবং এটি সারা দেশের ক্রীড়াবিদ ও দুঃসাহসিক অভিযাত্রীদের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Comments :0

Login to leave a comment