Weather

অবিরাম বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, যানজটে নাকাল জনজীবন

রাজ্য কলকাতা

গভীর নিম্নচাপের জেরে সোমবার ভোর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। অফিসের ব্যস্ত সময়ে জলমগ্ন রাস্তায় যানজট আরও তীব্র হয়ে ওঠে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূলীয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে পারে।
সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সর্বোচ্চ ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দীঘায় বৃষ্টির পরিমাণ ছিল ১১৩ মিলিমিটার, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে হয়েছে ১১২ মিলিমিটার বৃষ্টি।
গত রাত থেকেই টানা বৃষ্টির জেরে কলকাতার পাশাপাশি সল্টলেক ও হাওড়ার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও জলমগ্ন হয়ে পড়ে। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনেই সকাল থেকেই সমস্যায় পড়েন স্কুল পড়ুয়া, অফিসযাত্রী ও সাধারণ মানুষ। বৃষ্টির কারণে গাড়ির সংখ্যাও ক, তার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র যানজট।
আবহাওয়া দপ্তর সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক ঘণ্টাতেও কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলা গুলিতেও মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Comments :0

Login to leave a comment