ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। রাজ্যের জরুরি পরিস্থিতি মোকাবিলা কেন্দ্র জানিয়েছে যে ২৫৯টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ মান্ডি-কুল্লু জাতীয় সড়কও রয়েছে।
ভূমিধস ও বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় এখনও পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। টানা বৃষ্টিতে প্রায় ৯০০টি বাড়ি, সম্পত্তি ও সরকারি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮৮৬ কোটি টাকা। ৩০ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত পরিস্থিতির হিসাব দিয়ে প্রকাশিত জরুরি পরিস্থিতি মোকাবিলা কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ভূমিধস ও হড়পা বানে প্রায় ৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন আরও ৮৯ জন। প্রায় ২৫৭ জন নিখোঁজ রয়েছেন। হিমাচলের দুর্ভোগ এখানেই শেষ হচ্ছে না। আবহাওয়া দপ্তর রাজ্যের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা জানিয়ে কমলা সতর্কতা জারি করেছে।
এক নাগাড়ে বৃষ্টির কারণে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কুল্লু ও মান্ডি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৬১টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এক সপ্তাহেরও বেশি সময় ধরে অকেজো হয়ে রয়েছে। এর পাশাপাশি হিমাচল প্রদেশের পানীয় জল সরবরাহ ব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৫৪টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। চামোলি জেলার মনোরম নীতি উপত্যকায় প্রবল জলের স্রোতে একটি ধাতব সেতু ছিঁড়ে গিয়ে ভেসে যাওয়ার মতো দৃশ্যও দেখা যায়।
অন্যদিকে, শিমলার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কাংড়া, মান্ডি, হামিরপুর, শিমলা ও সিরমৌর জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। চাম্বা, কুল্লু, সোলান ও বিলাসপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
157 died in Himachal Rain
বৃষ্টি-ধসে হিমাচলে মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭
×
Comments :0