হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার সকালে একটি বেসরকারি বাস উল্টে নিচের রাস্তায় পড়ে যাওয়ার ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টর সহ ৮ জনের মৃত্যু হয়েছে।
বাইরাগড়-তিসা সড়কের দেবিকোঠি এলাকার চালুনজ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ‘শর্মা বাস সার্ভিস’-এর বাসটি তখন বাইরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল। প্রশাসনিক অধিকর্তারা জানিয়েছেন, বাসটি সকাল সাড়ে ৬টার দিকে বাইরাগড় থেকে রওনা হয়েছিল, প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে বাইরাগড়-তিসা সড়কের কাছে পৌঁছে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার সময় বাসটির মধ্যে ১৮ জন যাত্রী উপস্থিত ছিলেন। প্রশাসনের তরফে জানা যাচ্ছে, গাড়িটি উল্টে গিয়ে নিচের রাস্তায় পরে গেলে বেশ কয়েকজন যাত্রী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
সাহায্যের জন্য আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান,পুলিশকে খবর দেন। এনডিআরএফ, পুলিশ, হোম গার্ড, দমকল বাহিনীর কর্মীদের নিয়ে গঠিত উদ্ধারকারী দল দুর্ঘটনা কবলিত বাসটি থেকে যাত্রীদের বের করে আনে। তারপরই, আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত ১০ জনের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
চাম্বা জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন এবং আরও দশজন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে কর্তৃপক্ষের তরফে তদন্ত শুরু করা হয়েছে।
Himachal Pradesh Bus Acciden
হিমাচল প্রদেশের চাম্বায় বাস উল্টে নিহত ৮, আহত ১০
×
Comments :0