Nagaland Landslides

নাগাল্যান্ডের ভূমি ধসে মৃত অন্তত ৮ , নিঁখোজ অনেক

জাতীয়

নাগাল্যান্ডের মন জেলার ডিফেন্স কলোনিতে একটি বিশাল ভূমিধসে বেশ কয়েকটি বাড়িঘর ভেসে গেছে। এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটানা মুষলধারে বৃষ্টির মধ্যে রবিবার সকালে ভয়াবহ ভূমিধসে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এসডিআরএফ, আসাম রাইফেলস এবং পুলিশের দল ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার অভিযান চলছে, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় ১০ থেকে ১৫টি বাড়ি ধসে পড়েছে, যার মধ্যে ১৩টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে। তবে টানা বৃষ্টি এবং পাহাড়ের প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। 
মন জেলার ডেপুটি কমিশনার ওয়েনিয়েই কোনিয়াক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন , এখন পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও চারটি মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তিনি আরও জানান, এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধান চলছে। তিনি বলেন, রাত প্রায় ১টা নাগাদ প্রবল বৃষ্টি শুরু হয় এবং সকাল ৬-৭টার দিকে আমরা ভূমিধসের খবর পাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো মন টাউন এবং টিজিট। এসডিআরএফ, পুলিশ, আসাম রাইফেলস, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্থানীয়দের দল অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। নিহতদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন। আরও বারোজন আহত হয়েছেন। প্রবল বৃষ্টির কারণে মন শহরের অন্যান্য অংশেও ভূমিধস ও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। তীব্র নদীভাঙনের কারণে আরও বেশ কিছু বাড়িঘর ঝুঁকির মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment