নিজেদের বিমানবন্দর সংস্থার শেয়ার বেচে ৯ হাজার ৮২৫ কোটি টাকা তুলছে আদানি গোষ্ঠী।
আদানি এয়ারপোর্টস হোল্ডিং লিমিটেডের ৫.৫৪ শতাংশ শেয়ার বিক্রি করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতি ঘনিষ্ঠ গৌতম আদানির সংস্থা।
দেশের একের পর এক চালু বিমানবন্দরের ভার দফায় দফায় আদানি গোষ্ঠীর হাতেই তুলে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বারবার তা নিয়ে প্রশ্নের মুখে পড়লেও আদানিকে পুষ্ট করার নীতিতে অবিচল রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।
লেনদেন শুরু হওয়ার আগের হিসেব অনুযায়ী আদানি এয়ারপোর্টসের মোট সম্পদের ইকুইটি মূল্য ১৮ বিলিয়ন ডলার। তার শেয়ারের খানিকটা বেছেই ১ বিলিয়ন ডলার বা টাকার মূল্যে ৯ হাজার ৮২৫ কোটি টাকা তুলছে আদানি এয়ারপোর্টস।
গত ২০১৯-এ আদানিকে কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দর দেওয়ার সিদ্ধান্তের কড়া বিরোধিতা করে সে সময়ে রাজ্যে আসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে পিনারাই বিজয়ন চিঠিও দেন প্রধানমন্ত্রীকে। একটি চালু বিমান বন্দর কিভাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অনভিজ্ঞ একটি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে সে প্রশ্ন তোলেন তিনি।
এদিকে আদানি গোষ্ঠীর বিবৃতিতে জানানো হয়েছে যে শেয়ার সাবস্ক্রিপশন চুক্তি হয়েছে একাধিক সংস্থার সঙ্গে। বিনিয়োগকারীরা তিনটি ধাপে আদানি গোষ্ঠীর নতুন ইকুইটি শেয়ারে বিনিয়োগ করবে। তৃতীয় তথা চূড়ান্ত ধাপে বিনিয়োগ হবে ২০২৭’র জুলাইয়ে।
বিশ্বের শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে অত্যন্ত প্রভাবশালী ব্ল্যাকরক এবং টেমসেকের মতো সংস্থা কিনছে শেয়ার। ইকুইটি শেয়ার কিনবে আলফা ওয়েভ গ্লোবাল এবং প্রেমজী ইনভেস্টও।
এর আগে মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স গোষ্ঠী কৃষ্ণা গোদাবরী তেলের খনির মালিকানা নিয়ে পরে শেয়ার বিক্রি করে ব্রিটিশ বহুজাতিক বিপি-কে।
আদানি এয়ারপোর্টসের হাতে রয়েছে আটটি বিমানবন্দর। যার মধ্যে রয়েছে মুম্বাই বিমানবন্দরও। যাত্রীর আনাগোনার বিচারে মুম্বাই বিমানবন্দর দেশে দ্বিতীয়। এই আটটি বিমানবন্দর একত্রে দেশের যাত্রী চলাচলের ২৩ শতাংশ নিয়ন্ত্রণ করে। বিমানে পাঠানো মালপত্রের বাজারের ২৯ শতাংশ নিয়ন্ত্রণ করে আদানির মালিকানাধীন এই গোষ্ঠী।
আদানি গোষ্ঠী বলেছে, শেয়ার বিক্রি করে প্রাপ্ত অর্থ তাদের হাতে থাকা বিভিন্ন বিমানবন্দরের আধুনিকীকরণে ব্যবহার করা হবে। আদানি গোষ্ঠীর পরিকল্পনা অনুযায়ী ‘আদানি এয়ারপোর্টস সিটি ইকোসিস্টেম’-র কাজেও এই অর্থ ফের বিনিয়োগ করা হবে।
ভারতে বিভিন্ন বিমানবন্দর পরিচালনা করত এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড। এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে ধীরে ধীরে দুর্বল করে বেসরকারি হাতে বিক্রি করা হয়েছে উদারীকরণের সাড়ে তিন দশকে। ব্যক্তিগত মুনাফা লাফিয়ে বেড়েছে কর্পোরেটের।
Adani Airports Sells Stake
মোদীর দেওয়া বিমানবন্দরের শেয়ার বেচে প্রায় ১০ হাজার কোটি টাকা তুলছে আদানি
×
Comments :0