Mine Workers

বিকল ডুলি, কুমারডি-এ কোলিয়ারিতে আটকে ৪২ খনি শ্রমিক

রাজ্য জেলা

ইসিএল’র কুমারডি-এ কোলিয়ারিতে ডুলিতে করে খনিগর্ভে নামা এবং ওঠার সময় ১২ জন শ্রমিক সুড়ঙ্গ পথে প্রায় পাঁচ ঘন্টা ধরে আটক হয়ে রয়েছেন। 
একদিকে  ডুলিতে ১২ জন প্রায় পাঁচ ঘন্টা আটক রয়েছেন। আরেকদিকে খনির নিচে আটক রয়েছেন আরও ৩০ জন। ফলে মোট ৪২ জন আটকে আছেন।
খনিগর্ভ থেকে খনির ওপরে ওঠার সাধন ডুলি বিকল হওয়ায় ডুলিতে শ্রমিকরা কাহিল হয়ে পড়েছেন।  
এদিন ঘটনাটি ঘটেছে দ্বিতীয় শিফ্‌টে বেলা সাড়ে ৫টা নাগাদ। ৯০ মিটার গভীর খনিগর্ভ থেকে কাজ শেষে ৪ জন শ্রমিক খনির ওপরে উঠছিলেন। অন্যদিকে ৮ জন শ্রমিক খনিতে নামছিলেন। খনির নিচে পিট বটম থেকে ১৫ মিটার ওপরে ওঠার পর ডুলি বন্ধ হয়ে যায়। এদিকে খনির ওপর, পিট সার্ফেস থেকে খনির নিচে ডুলিতে করে প্রায় ৪০ মিটার নিচে নামার সময় ডুলি বিকল হয়ে বন্ধ হয়ে যায়। 
সিআইটিইউ অনুমোদিত ভারতের কোলিয়ারি মজদুর সভা ( সিএমএসআই )’র নেতা প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি, সিএমএসআই সাধারণ সম্পাদক মনোজ দত্ত, সিআইটিইউ জেলা সাধারণ সম্পাদক প্র্ববীর মন্ডল, সিএমএসআই সেফটি কমিটির নেতা বিনোদ সিং খবর পেয়ে খনিতে ছুটে যান। নেতৃবৃন্দ ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে খনি নিরাপত্তায় চরম অবহেলার অভিযোগ করেছেন। খনিতে ডুলির মতন প্রয়োজনীয় যন্ত্র এবং যন্ত্রাংশের নিয়মিত দেখভাল করা হয় না। ডুলির চেন বা রসা একটি বিশাল ড্রামের ভিতরে থাকে। বিপর্যয়ের ফলে ডুলির রসা ড্রামের বাইরে বেরিয়ে এসেছে। রসাটিকে ড্রামের ভিতরে প্রতিস্থাপন করার কাজ শুরু হয়েছে। সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে ডুলিতে ১২ জন প্রায় পাঁচ ঘন্টা আটক রয়েছেন। খনির নিচে আটক রয়েছেন আরো ৩০ জন। ডুলি সচল করতে রাত দুটো পার হতে পারে বলে মনে করা হচ্ছে। আটক শ্রমিকদের খাবার তো দূরের কথা পানীয় জলটুকুও পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।

Comments :0

Login to leave a comment