জমায়েতে আটকানোর নির্দেশিকা চেয়ে দিল্লি হাইকোর্টে জমা পড়েছিল আবেদন। সেই আবেদন খারিজ হয়েছে। কক্রোচ জনতা পার্টি এদিকে অনুগামীদের জানিয়েছে শনিবার সকাল ৯টায় দিল্লি পার্লামেন্ট স্ট্রিট থানায় হাজির হতে।
এই জমায়েতে প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। একের পর এক সর্বভারতীয় পরীক্ষা ঘিরে বেনিয়ম, দুর্নীতির অভিযোগে বিদ্ধ প্রধান। বিদ্ধ নরেন্দ্র মোদী সরকার। তবু তাঁকে পদ থেকে সরাতে নারাজ নরেন্দ্র মোদী।
শুক্রবারই এসএফআই ফের ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবি তুলেছে। ‘নিট’, তারপর সিবিএসই পরীক্ষার এবং তালিকায় সর্বশেষ সংযোজন সিইউইটি। হাজার হাজার পরীক্ষার্থীকে চরম সংশয়ে দিন কাটাতে হচ্ছে। আত্মঘাতী হওয়ার খবরও মিলেছে। সিলেবাসের সাম্প্রদায়িকীকরণে ব্যস্ত বিজেপি কেন্দ্র বা রাজ্য স্তরে সম্পূর্ণ উদাসীন শিক্ষার নিয়ে।
শনিবারের জমায়েতে কক্রোচ জনতা পার্টির সংগঠকরা প্রত্যেককে জাতীয় পতাকা এবং বই হাতে করে আসতে বলেছেন। শিক্ষা এবং সমানাধিকার প্রধান দাবি বলে প্রতীকী এই আয়োজন, জানিয়েছেন তাঁরা।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত একটি মামলায় দেশের যুবদের উদ্দেশ্যে ‘অলস, পরজীবী এবং আরশোলার মতো’ মন্তব্য করেছিলেন। পরে তিনি ব্যাখ্যা দিয়ে দাবি করেন যে যুবদের অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না। কিন্তু বেকারি, কাজের অনিশ্চয়তা এবং শিক্ষা ব্যবস্থা ঘিরে তুমুল অরাজকতায় অতিষ্ঠ যুব অংশ ততক্ষণে সেই মন্তব্যকে হাতিয়ার করে নেমে পড়ে সোশাল মিডিয়ায়। আরশোলা, ইংরেজিতে ‘কক্রোচ’ নাম দিয়ে খুলে ফেলা এই মঞ্চের অনুগামীর সংখ্যা বিভিন্ন সোশাল মিডিয়ায় ছাড়িয়ে যায় ‘বিশ্বের সবচেয়ে বড় দল’ বিজেপি’র অনুগামীর সংখ্যাকেও।
এই মঞ্চের প্রধান সংগঠক অভিজিৎ দীপকে বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্নাতক, আমেরিকায় কর্মপ্রার্থী। তাঁকে ঘিরে আগ্রহ প্রবল। অভিজিৎ নিজে জমায়েতে থাকছেন বলে জানিয়েছেন।
শুক্রবারই প্রথম সামনাসামনি সাংবাদিক সম্মেলন করলেন এই মঞ্চের অন্য তিন সংগঠক। মুখপাত্র হিসেবে বক্তব্য জানালেন বিজেতা দাহিয়া, সৌরভ দাস এবং আশুতোষ্ রাঙ্কা।
তিন মুখপাত্র জানিয়েছেন জমায়েত সর্বত শান্তিপূর্ণ হবে। কেউ কোনও উত্তেজনা তৈরির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে জানানোর জন্য বলা হয়েছে জমায়েতে যোগ দিতে আগ্রহী সকলকে। যন্তর মন্তরে হবে প্রতিবাদ বিক্ষোভ। পুলিশের অনুমতি না পেলেও জমায়েত হবে।
Cockroach Janta Party
দিল্লিতে কাল ‘কক্রোচ জনতা পার্টি’-র জমায়েত ঘিরে আগ্রহ তুঙ্গে
×
Comments :0