MA Baby

নিন্দা স্ট্যালিন, কেজরিওয়ালের: থানা থেকে বেরলেন নেতৃত্ব

জাতীয়

বুধবার তিরুবনন্তপুরমে পিনারাই বিজয়ন। রয়েছেন এমভি গোবিন্দন।

সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি সহ আটক নেতৃবৃন্দ ছাড়া পেয়েছেন। সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়নের বাসভবনে তল্লাশির প্রতিবাদ জানানোয় তাঁদের আটক করেছিল দিল্লি পুলিশ।
এদিকে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা বিজয়নের বাসভবনে ইডি তল্লাশি তীব্র নিন্দা করেছেন ‘আপ‘ নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিন, দু’জনই বলেছেন, বিরোধী দলের নেতানেত্রীদের ওপর আক্রমণের জন্য কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহারের আরেকটি নমুনা এই পদক্ষেপ।
বিজয়নের কন্যার সংস্থাকে ঘিরে মামলার তদন্তে ইডি তল্লাশি চালায় বিজয়নের বাসভবনে। কোনও আইনি বিধি না মেনে তল্লাশি চালানোর অভিযোগে সোচ্চার হয় সিপিআই(এম)। তীব্র প্রতিবাদ হয় কেরালা জুড়ে।
এদিন দিল্লিতে প্রতিবাদে নামলে বেবি সহ সিপিআই(এম) নেতৃত্বকে আটক করে দিল্লি পুলিশ। পরে তাঁদের মুক্তি দেয় বাওয়ানা থানার পুলিশ। বেবি, বিজু কৃষ্ণনা, বিক্রম সিং সহ পার্টি নেতৃবৃন্দ মছিল করে বেরিয়ে আসেন জেল থেকে। 


কেজরিওয়াল এদিনের ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘‘কেরলায় কংগ্রেস সরকারে আসীন হওয়ার পরই ইডি-র নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়। তারপরই এই তল্লাশি। বিজেপি এবং কংগ্রেসের সম্পর্ক নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে।’’
স্ট্যালিন বলেছেন, ‘‘কেন্দ্রীয় সংস্থা বিরোধী নেতাদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কেন্দ্রের সরকার।’’ তিনি বলেছেন, ‘‘কংগ্রেস প্রচার করেছে কেন বিজয়নের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেয় না। এই অভিযোগ কতটা ভুয়ো প্রমাণ হলো এদিনের ঘটনায়।’’

Comments :0

Login to leave a comment