FIR Withdrawal CJP Nadda

এফআইআর বাতিলের আশ্বাস কেন্দ্রের, বিক্ষোভ তুলে নিয়ে বলল সিজেপি

জাতীয়

যৌথ সাংবাদিক সম্মেলনে বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি। এক মাসের বেশি টানা দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ চলেছে। যার অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষা বিপর্যয়ের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে হবে ধর্মেন্দ্র প্রধানকে। শনিবারই পদত্যাগের ঘোষণা করেন প্রধান। 
এদিন প্রধানের ইস্তফার পর দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তৃতীয় সফায় বৈঠক করেন সিজেপি’র দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রানকা। সন্ধ্যায় যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁরা বলেন, ‘‘আন্দোলনের অন্য দাবিগুলিও বিবেচনার আশ্বাস দিয়েছেন কেন্দ্রের দুই মন্ত্রী। যার মধ্যে রয়েছে প্রতিবাদী ছাত্রদের নামে দায়ের সব এফআইআর বাতিল করতে হবে দিল্লি পুলিশকে। ‘নিট’ প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মঘাতী ছাত্রছাত্রীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।’’ 
সৌরভ বলেন, ‘‘সরকার আশ্বাস দিয়েছে বিধি অনুযায়ী আত্মঘাতী ছাত্রছাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য পাঁচটি দাবি সরকারের কাছে তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিও রয়েছে। সেগুলিও বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।’’ 
এদিকে প্রধানের ইস্তফার খবর বেরনোর পর থেকে জয়ের আনন্দে উৎসবের চেহারা নেয় দিল্লির যন্তর মন্তর। 
সিজেপি’র দুই মুখপাত্র বলেন যে সব এফআইআর’র প্রতিলিপি তাঁদের দেওয়া হবে। 
সাংবাদিক সম্মেলনে জেপি নাড্ডা বলেন, ‘‘এফআইআর দায়ের হয়ে থাকলে, দিল্লি পুলিশ বা বিজেপি শাসিত রাজ্যে, তার প্রতিলিপি দেওয়া হবে।’’ তিনি বলেছেন যে ক্ষতিপূরণ দেওয়া হবে। তার আগে কিছু আলোচনা আছে। 
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার টানা ৪৯ দিনের আন্দোলনকে গোড়া থেকে উপেক্ষাই করেছে। গত শনিবার সোনম ওয়াংচুককে জোর করে তুলে হাসপাতালে নিয়ে অনশন ভাঙার চেষ্টা করেছে। গত সোমবার, ২০ জুলাই, ‘সংসদ চলো’ কর্মসূচিতে লাঠিপেটা করেছে ছাত্রদের। ব্যবহার হয়েছে পেলেট গান। তীব্র প্রতিবাদ আছড়ে পড়েছে সারা দেশে। বহু শহরে হয়েছে প্রতিবাদ মিছিল। তার জেরে আলোচনার রাস্তা নিতে হয়েছে মোদী সরকারকে। প্রধান পদত্যাগ করলেও এনটিএ এখনও বাতিল হয়নি। এই সংস্থার পরিচালনায় একের পর এক পরীক্ষায় হয়েছে প্রশ্ন ফাঁস। 
এদিকে এফআইআর প্রত্যাহারের বার্তা নাড্ডা দিলেও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অধীন দিল্লি পুলিশ যন্তর মন্তরে ‘হাজারের বেশি দাগি অপরাধী খুঁজে পেয়েছে’। সরকারি বিবৃতি না দিলেও অনুগামী সংবাদমাধ্যমে বলা হয়েছে যে হাজারের বেশি দাগি অপরাধী যন্তর মন্তরের আশেপাশে ঘোরাফেরা করেছে। বিশেষ এআই ক্যামেরায় প্রতিবাদীদের মুখের ছবি তুলে রাখা হয়েছে।

Comments :0

Login to leave a comment