Kamarhati Voter List

বৈধ সব নাম তালিকায় তুলে ভোট, কামারহাটিতে ইআরও দপ্তরে বিক্ষোভ

জেলা

কামারহাটিতে বিক্ষোভ সিপিআই(এম)’র। ছবি: অভিজিৎ বসু

প্রকৃত ভোটারদের নাম তালিকায় তুলে করতে হবে ভোট। এই দাবিতে কামারহাটি বিধানসভায় ইআরও দপ্তরের সামনে বিক্ষোভ সভা করল সিপিআই(এম)। দেওয়া হয়েছে ডেপুটেশনও। 
মঙ্গলবারই সুপ্রিম কোর্ট বিবেচনাধীন ভোটারদের নাম সংক্রান্ত বিরোধ বিবেচনায় ট্রাইবুনাল গড়ার রায় দিয়েছে। 
সিপিআই(এম) রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে বিক্ষোভ দেখাচ্ছে সব প্রকৃত ভোটারের নাম তালিকায় যুক্ত করে ভোট করার দাবিতে। বৈধ নাম তালিকার বাইরে রেখে বা বিবেচনাধীন রেখে ভোট ঘোষণার বিরোধিতায় সরব সিপিআই(এম)। গত সোমবার সফররত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তা জানিয়েও এসেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ প্রতিনিধিদল।
এদিকে কলকাতা হাইকোর্ট জানিয়েছে বিবেচনাধীন ৬০ লক্ষের মধ্যে ১০ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ ভোটার তালিকায় থাকার দাবি বৈধ না অবৈধ তা বিবেচনা করা হয়েছে। কিন্তু সব নামের নিষ্পত্তি করে ভোট করার কোনও ঘোষণা এদিন সাংবাদিক সম্মেলনে করেননি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফলে বিপুল নাম বিবেচনাধীনের তালিকায় রেখে ভোটের সূচি ঘোষণার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিন কামারহাটিতেও সিপিআই(এম) প্রশ্ন তুলেছে যে ভোটারহীন ভোট হবে কি রাজ্যে? স্লোগান উঠেছে, ‘মোদীতন্ত্র নয়, গণতন্ত্র চাই‘। সকল প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রাখতে হবে।
এদিন কামারহাটি বিধানসভার ইআরও দপ্তর এক নম্বর ফিডার রোডে মিছিল যায় জ্যোতি বসু ভবন থেকে। 
ডেপুটেশন-বিক্ষোভ সভায় অংশ নেন, কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মানস মুখার্জি, রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, সিপিআই(এম) নেতা ঝন্টু মজুমদার, প্রদীপ মজুমদার। 
এদিন বিক্ষোভ চলাকালীন পাঁচজনের প্রতিনিধিদল ইআরও’র সঙ্গে দেখা করে। 
বিক্ষোভ সভায় মানস মুখার্জি বলেন, বৈধ কোনও ভোটারের নাম বাদ দিয়ে ভোট করা যাবে না। কামারহাটি অঞ্চলের ইমামের  নামও রয়েছে বিবেচনাধীনের তালিকায়। এরকম প্রচুর নাম আছে। বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে।

Comments :0

Login to leave a comment