মহিলাদের অধিকারের জন্য অভিন্ন দেওয়ানি বিধির ঘোষণা অমিত শাহ করেননি। সাম্প্রদায়িক এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতির জন্য বিষয়টিকে অস্ত্র করছে বিজেপি।
সোমবার, ১৪ সেম্টেম্বর, এই মর্মে প্রতিক্রিয়া দিয়েছে সিপিআই(এম)। গতকাল, রবিবার, মুম্বাইয়ে অমিত শাহ ঘোষণা করেন যে এনডিএ সরকার রয়েছে এমন ২১ রাজ্যেই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। ২০২৯’র নির্বাচনের আগেই এই লক্ষ্যে পৌঁছানো হবে।
বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক, উইল, উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয় অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত উত্তরাখণ্ড, গুজরাট, আসাম, মধ্য প্রদেশে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ হয়েছে। তার মধ্যে উত্তরাখণ্ডে আইনের বিধি কার্যকর হয়েছে। রাজ্যে রাজ্যে আইনের মধ্যে ফারাকও রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারে আসীন হওয়ার পর শুরু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি পাশের তৎপরতা।
সিপিআই(এম) বলেছে, বিজেপি’র রাজনৈতিক অভিসন্ধি পরিষ্কার। অভিন্ন দেওয়ানি বিধি কখনও মহিলাদের অধিকারের সঙ্গে যুক্ত নয়। বলা হয়েছে, সমান অধিকারের জটিল বিষয়টিকে বিজেপি একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।
সিপিআই(এম) বলেছে, সাম্প্রদায়িক এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতির জন্য বিষয়টিকে ব্যবহার করা হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনের আগে হিন্দু ভোট ব্যাঙ্ক একত্রিত করার জন্য এই কৌশল নিয়েছে বিজেপি।
সিপিআই(এম) ফের বলেছে, অভিন্ন মানেই সমান অধিকার নয়।
সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মতো অভিন্ন দেওয়ানি বিধিও বিজেপি’র ভিত্তি সংগঠন আরএসএস’র বরাবরের রাজনৈতিক বিষয়। মুসলিমদের বিবাহ, বিচ্ছেদ বা তালাক প্রথা সর্বদা ভোটের প্রচারে বিষয়বস্তুও করে।
সিপিআই(এম) বলেছে, বেকারি, মূল্যবৃদ্ধি, কৃষি সঙ্কট, ছাত্রদের সমস্যার মতো প্রতিদিনের বিষয়গুলির মুখোমুখি হচ্ছে না বিজেপি। তার বদলে বিভাজনের রাজনীতির কারসাজি করছে। সংবিধান বিরোধী এই কার্যক্রমের বিরোধিতা করছে সিপিআই(এম)।
UCC Shah CPI-M
ভোটের জন্য অভিন্ন দেওয়ানি বিধির ঘোষণা শাহের, বলল সিপিআই(এম)
×
Comments :0