নিজের মন্ত্রকের ভরতুকি ঢুকেছে নিজের ঘরে। তা-ও আবার এক-দু’হারা নয়। একেবারে এক কোটি!
তথ্য সংবাদমাধ্যমে বেরতেই চাপে পড়েছেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী। রাজস্থানের এই বিজেপি নেতা এখন বলছেন, ‘‘আমি তো কৃষক। ছোটবেলা থেকেই চাষ করি। ভরতুকির আবেদন জানিয়েছিলাম। সেটিই পেয়েছি।’’
ঘটনা গুরুতর। উদ্যান পালন বিষয়ক ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের সহ সভাপতি ভগীরথ চৌধুরী। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী হওয়ার সুবাদে উদ্যান পালন বিষয়ক এই বোর্ডের সহ সভাপতি।
দেখা যাচ্ছে, হর্টিকালচার বোর্ডের প্রকল্পে বাণিজ্যিক লক্ষ্যে ব্যাপক মাত্রায় উৎপাদনের জন্য প্রশিক্ষণের একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পে উৎপাদন খরচের ৫০ শতাংশ পর্যন্ত ভরতুকি দেয় কেন্দ্রীয় কৃষি মন্ত্রক।
কৃষি প্রতিমন্ত্রী চৌধুরী বলেছেন, ‘‘২০১৮-তে ভরতুকির আবেদন জানিয়েছিলাম। নির্বাচন কমিশনে আমার ভরতুকি ও ঋণের তথ্য দেওয়া রয়েছে।’’ তিনি বলছেন, ‘‘প্রাকৃতিক উপকরণে চাষ এবং আধুনিক কৃষি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় আমার খামারে। আমি নিজে কৃষক।’’
বাণিজ্যিক উৎপাদনের জন্য শসা চাষের প্রকল্পে ৯৯.০৩ লক্ষ টাকা ভরতুকি পেয়েছেন চৌধুরী। তাঁর পক্ষে সওয়ালে বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোর, নির্দিষ্ট প্রকল্প ‘মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার’-র যে কমিটিতে এই ভরতুকি অনুমোদন পেয়েছিল তার সদস্য ছিলেন না কৃষি প্রতিমন্ত্রী।
যুক্তি যদিও ঠুনকো বলেই মনে করছে সংশ্লিষ্ট বড় অংশ।
Bhagirath Chowdhury Subsidy
নিজের মন্ত্রক থেকে ১ কোটি ভরতুকি নিয়ে কেন্দ্রের মন্ত্রী বলছেন ‘আমি তো চাষি’
ফিতে কাটছেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী।
×
Comments :0