Meenakshi Natarajan controversy.

মীনাক্ষী নটরাজন বিতর্কে দিল্লিতে কমিশনের দপ্তরে কংগ্রেস

জাতীয়

মধ্য প্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ পদে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়ন খারিজ করলো নির্বাচন কমিশন, মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বুধবার দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছালো কংগ্রেসের প্রতিনিধিদল। 
মধ্য প্রদেশের নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার কংগ্রেস জোরালো আপত্তি জানিয়েছে। কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত গর্হিত, নগ্ন ও স্পষ্টত বেআইনি’ আদেশ হিসেবে অভিহিত করেছে। সেইসঙ্গে, এই আদেশ বাতিল করারও আহ্বান জানিয়েছে। 
বর্ষীয়ান আইনজীবী এবং এমপি অভিষেক মানু সাংভি-র নেতৃত্বাধীন কংগ্রেসের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। সেখানে যুক্তি দেখানো হয় যে, নটরাজনের বিরুদ্ধে এমন কোনও  ফৌজদারি মামলা চলছে না যা নির্বাচনী আইনের আওতায় মনোনয়ন পত্রে প্রকাশ করা বাধ্যতামূলক। তা সত্ত্বেও তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদিন সিংভি যুক্তি দেন যে, জনপ্রতিনিধিত্ব আইনের ৩৩এ ধারায় কেবল সুনির্দিষ্ট কিছু ফৌজদারি মামলার ক্ষেত্রেই তথ্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।
তিনি বলেন, "নির্বাচন কমিশনের জনপ্রতিনিধিত্ব আইনের ৩৩এ কেবল দুই বছরের বেশি শাস্তির মামলাগুলোই প্রকাশ করতে হবে এবং সর্বোপরি কেবল সেইসব মামলাই প্রকাশ করতে হবে যেগুলোতে চার্জ গঠন করা হয়েছে।"
আইনের ব্যাখ্যা করে সিংভি বলেন যে কোনও ব্যক্তিগত অভিযোগ নিজে থেকেই ফৌজদারি মামলায় পরিণত হয় না। আদালতকে তা গ্রহণ করতে হয়। এক্ষেত্রে সেই প্রক্রিয়া হয়নি।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে যে, কমিশন আইনি প্যানেলের আইনজীবী এবং সাংবিধানিক ও নির্বাচনী বিশেষজ্ঞদের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করছে। তাঁদের মতামত পাওয়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র আরও জানিয়েছে, বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই কমিশনের সিদ্ধান্তটি প্রকাশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment