মৌখিক বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। বেকার যুবকদের পরজীবী, আরশোলার সঙ্গে তুলনা করে মন্তব্য প্রসঙ্গে শনিবার এই ব্যাখ্যা দিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, আরশোলার মতো বেকার কিছু তরুণ গণমাধ্যম, সমাজমাধ্যম এবং তথ্যের অধিকার কর্মী হয়ে উঠছে। এরা ব্যবস্থার উপর আক্রমণ শুরু করছে। এমন মন্তব্যে সমাজের বহু স্তর থেকেই প্রতিবাদ জোরালো হয়।
শনিবার প্রধান বিচারপতি বলেছেন, ‘সংবাদমাধ্যমের একাংশ আমার মৌখিক পর্যবেক্ষণকে যেভাবে উদ্ধৃত করেছে তা দেখে আমি ব্যথিত।‘ তিনি বলেছেন, ‘সংশ্লিষ্ট মামলার শুনানিতে আমি নির্দিষ্ট করে সমালোচনা করেছিলাম তাদের যারা ভুয়ো এবং জাল ডিগ্রি নিয়ে আইনের পেশায় ঢুকে পড়েছে। এমন লোকজন সংবাদমাধ্যম, সোশাল মিডিয়া এবং অন্যান্য মহৎ পেশায় রয়েছে। তারা পরজীবীর মতো।‘
প্রধান বিচারপতির দাবি, ‘ওই মন্তব্যে দেশের বেকার যুবকদের নিশানা করার যে কথা বলা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। আমি কেবল দেশের মানসম্পদের জন্য গর্বিত নই, দেশের যুবরা আমার অনুপ্রেরণা। আমার প্রতিও তাঁদের গভীর শ্রদ্ধা রয়েছে।‘
গত শুক্রবার প্রধান বিচারপতির মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়ে সিপিআই(এম) প্রশ্ন তোলে। সোশাল মিডিয়া পোস্টে বলে যে ‘মাননীয় বিচারপতিরা, আপনারা কি মনে করেন যুবসমাজ স্বেচ্ছায় বেকারত্ব বেছে নেয়?‘ বিচারপতির উদ্দেশ্যে বলা হয়, ‘এমন একটি ব্যবস্থা তৈরির জন্য দায়ী কে, যেখানে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়ে রয়েছে?‘ সিপিআই(এম) বলেছে, পরজীবী তারা নয়, যারা বেঁচে থাকার লড়াই চালাচ্ছে। প্রকৃত পরজীবী তারা, যারা অন্যের শ্রম শোষণ করে সম্পদের পাহাড় গড়ে তোলে। মাননীয় বিচারপতিরা, ধনীদের জাঁকালো প্রাসাদ থেকেই উত্তর খোঁজার কাজ শুরু হওয়া উচিত।‘
CJI Surya Kant
‘যুবরা অনুপ্রেরণা‘, ‘পরজীবী‘ মন্তব্যে ঝড়ের পর বললেন প্রধান বিচারপতি
×
Comments :0