Rajasthan's cow shelters

রাজস্থানের গোশালায় টাকা দেয় না বিজেপি সরকার, অভিযোগ গেহলটের

জাতীয়

গো-বন্দনার ছবি দেখিয়ে ভোটের প্রচার করে বিজেপি। কিন্তু গোশালায় টাকা দেয় না তাদের সরকার।
রাজস্থানের বিজেপি সরকারকে আক্রমণ করে এ কথা বলেছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা অশোক গেহলট। মঙ্গলবার রাজ্যের হাজার হাজার গোশালা গত কয়েক মাস ধরে সরকারি অনুদান পায়নি বলে অভিযোগ জানিয়েছেন তিনি। 
বিবৃতিতে তিনি বলেন, রাজ্যে ৪,৫২৩টি গোশালায় আশ্রয়ে রয়েছে ১৮ লক্ষ গবাদি পশু। গত ১০ মাস ধরে কোনও সরকারি অনুদান পায়নি কোনও গোশালা। তিনি আরও অভিযোগ করেন যে, প্রায় ৯০০ কোটি টাকার অনুদান বকেয়া পড়ে আছে। 
গেহলট বলেন, গোশালা পরিচালকরা ঋণ নিয়ে এবং অর্থদাতাদের ওপর নির্ভর করে পশুখাদ্যের ব্যবস্থা করছেন। তিনি বলেন, "রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশুই হলো এই রাজ্য সরকারের আসল রিপোর্ট কার্ড। বিজেপি সরকার তাঁদের বিজ্ঞাপনে গো-পূজার ছবি ব্যবহার করলেও গবাদি পশুর কল্যাণে অর্থ বরাদ্দ করতে অনিচ্ছুক।’’
কৃষি এবং কৃষক কল্যাণের ক্ষেত্রেও বিজেপি সরকারের সমালোচনা করেন গেহলট। রাজ্যে খরা মতো কোনও পরিস্থিতি দেখা দিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। 
প্রাক্তন মুখ্যমন্ত্রী কৃষকদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) না পাওয়া এবং ফসল বিক্রির বকেয়া টাকা দিতে দেরির বিষয়টিও উত্থাপন করেছেন।
এদিন তিনি আরও অভিযোগ করেন যে, কৃষকদের হয় ‘মান্ডি’ বা পাইকারি বাজারে ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে কম দামে ফসল বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। অথবা অর্থ পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। গেহলত বলেন, উত্তরের হনুমানগড় থেকে শুরু করে দক্ষিণের ঝালাওয়ার পর্যন্ত রাজ্যজুড়ে কৃষকরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতে কংগ্রেস তাদের ২০২৩ সালের নির্বাচনী প্রচারাভিযানে এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত একটি নিশ্চয়তা আইনের প্রতিশ্রুতি দিয়েছিল। সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি কৃষকদের "বিভ্রান্ত" করে ক্ষমতায় এসেছে।

Comments :0

Login to leave a comment