Lucknow Hospital Scam

একেকজন রোগীকে ৫টি করে স্টেন্ট লক্ষ্ণৌয়ের হাসপাতালে!

জাতীয়

লক্ষ্ণৌয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি।

ক্যান্সারের দামি ওষুধের খরচ আচমকা লাফিয়ে বেড়েছিল। কেলেঙ্কারির আশঙ্কায় তা নিয়ে তদন্ত চলছিলই। এর মধ্যে নতুন কেলেঙ্কারি লক্ষ্ণৌয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটিতে।
আয়ুষ্মান ভারত প্রকল্পে হার্টের স্টেন্ট বসানো নিয়েও বড় মাপের কেলেঙ্কারির অনুমান করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ১৫ জন রোগীকে পাওয়া গিয়েছে যাঁদের একেকজনকে কয়েক দফায় ৫টি করে স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকরা বলেছেন এমন চিকিৎসাই অস্বাভাবিক। 
লক্ষ্ণৌয়ের বিখ্যাত এই সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ কার্ডিওলজি বিভাগের থেকে বিশদ তথ্য তলব করেছে। গড়া হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও। 
অভিযোগের মুখে যে যে চিকিৎসকরা রয়েছেন তাঁদের কয়েকজন ছুটি চেয়েছিলেন। সব ছুটি বাতিল করে তাঁদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। 
আয়ুষ্মান ভারত প্রকল্পে নিযুক্ত অস্থায়ী কর্মী আয়ুষ্মান মিত্রদের সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মীদের।
এর আগে এই হাসপাতাল ও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার চিকিৎসা ঘিরে বেনিয়মের অভিযোগ ওঠে। ‘অসাধ্য যোজনা’ নামে এই প্রকল্পের নথিভুক্ত রোগীদের ওষুধের খরচ মাসে ১০ লক্ষ টাকা থেকে বেড়ে ৪৫ লক্ষ টাকা দেখানো হয়েছে। ২০২৫’র শেষ দিক থেকে ২০২৬’র মার্চের মধ্যে খরচের এই বৃদ্ধি স্বাভাবিক কিনা দেখা হচ্ছে তদন্তে।

Comments :0

Login to leave a comment