পাঁচ বছরে ৬২.৫ লক্ষ কোটি টাকা বেড়েছে কেন্দ্রীয় সরকারের ঋণ। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দেওয়া তথ্যে এই অবস্থা দেখা গিয়েছে।
কেন্দ্রের তথ্যে দেখা যাচ্ছে ২০২১-২২ অর্থবর্ষে ঋণ ছিল ১৩৮.৬৬ লক্ষ কোটি টাকা। ২০২৬’র মার্চে কেন্দ্রীয় সরকারের ঋণের অঙ্ক বেড়ে হয়েছে ২০১.১৭ লক্ষ কোটি টাকা। পাঁচ বছরে প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি হয়েছে ঋণের।
সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাসের প্রশ্নে ঋণের এই তথ্য দিয়েছে কেন্দ্র। ঋণ বাড়ার সঙ্গে সঙ্গে ঋণ শোধের দায়ও বাড়ছে কেন্দ্রের। হিসেব দেখাচ্ছে ১০০ টাকা ঋণ নিলে ৮২ টাকা খরচ হয়ে যাচ্ছে আগের ঋণের সুদ গুনতে।
২০২১-২২ অর্থবর্ষে ঋণ এবং সুদ বাবদ অর্থ জমার অনুপাত ছিল ৫০.৯ শতাংশ। ১০০ টাকা নতুন ঋণ নিলে ৫০ টাকা আগের ঋণের দায় হিসেবে গুনতে হতো। সেই অনুপাতই এখন বেড়ে হয়েছে ৮১.৮ শতাংশ।
সরকারের বক্তব্য, ঋণের টাকা পুরোপুরি ব্যবহার করা হচ্ছে সম্পদ তৈরিতে।
সরকারের এই বক্তব্যে প্রশ্ন তুলেছেন ব্রিটাস। তিনি বলেছেন, পুরনো ঋণের দায় মেটাতে নতুন ঋণের ৮১ শতাংশ খরচ হয়ে যাচ্ছে। আগের তুলনায় এই হার বেড়েছে। ফলে মূলধনী খাতে ব্যবহার করে স্থায়ী সম্পদ তৈরির সংস্থানই কমে যাচ্ছে। বরং আগের ঋণের দায় মেটাতে হচ্ছে ফের ঋণ নিয়ে। সরকারের নিজস্ব আয় কমছে বলেই এই ছবি দেখা যাচ্ছে।
India's Debt Burden
পাঁচ বছরে ৪৫% বেড়েছে কেন্দ্রের ঋণ
×
Comments :0