Gurgaon Bail CITU

‘ইনকিলাব জিন্দাবাদ বলা অপরাধ হলে ব্যবস্থার লজ্জা পাওয়া উচিত‘, গুরগাঁওয়ে জামিন শ্রমিক নেতার

জাতীয়

ছবি- AI

গুরগাঁওয়ের মানেসরের আদালত শ্রমিক বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার শ্রমিক নেতার জামিন মঞ্জুর করেছে। বিচারপতি বলেছেন, অভিযুক্তের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও তাঁকে এক মাস অবৈধভাবে হেপাজতে রাখা হয়েছিল। 
বিচারপতি বলেছেন, মজুরি বাড়ানোর দাবি তোলা কোনও অপরাধ নয়। বিচারপতি বলেছেন, ইনকিলাব জিন্দাবাদ বলা অপরাধ হলে চালু ব্যবস্থার লজ্জিত হওয়া উচিত।
গত ৯ এপ্রিল মজুরি, কাজের স্থায়ীকরণের মতো একাধিক দাবিতে গুরগাঁওয়ের প্রতিবাদরত শ্রমিকরা রাস্তায় নামেন। তার পরের দিনই, একই দাবি নিয়ে নয়ডার কারখানা শ্রমিকরা প্রতিবাদ জানান। হাজার হাজার শ্রমিক বিক্ষোভে শামিল হন দিল্লি লাগোয়া হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থানের শিল্পাঞ্চলে। 
পরিস্থিতি জনমনে বিপুল প্রভাব ফেলতে থাকে। উত্তর প্রদেশ পুলিশ ব্যাপক ধরপাকড় চালায়। গ্রেপ্তার করা হয় শ্রমিকদের।
মানেসরের অটো পার্টস কোম্পানি বেলসোনিকার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিত সিং জামিনের আবেদন জানালে সোমবার গুরগাঁওয়ের অতিরিক্ত নগর দায়রা বিচারপতি ডঃ গগন গীত কৌর এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। 
বিচারপতি বলেন যে আবেদনকারী অভিযুক্ত, যিনি শ্রমিক ইউনিয়নের সদস্য বলে জানা গেছে, তিনি গণতান্ত্রিকভাবে কম বেতনের বিষয়টি উত্থাপন করেছেন। তাঁর বিরুদ্ধে আপত্তিকর কোনও প্রমাণও পাওয়া যায়নি। 
এদিন আদালত বলেছে, "সরকারের কাছে কর্মীদের মজুরি বৃদ্ধির আবেদন জানানো বা শ্রমিদের বেতন বৃদ্ধির আবেদন জানানো কোনও অপরাধ নয়।" 
সরকারি আইনজীবী স্বীকার করেছেন যে বিক্ষোভের দিন অজিত সিং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। 
তবে পুলিশের অভিযোগ, ঘটনার আগে তিনি একটি ষড়যন্ত্র করেছিলেন। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পোস্ট করা সহ একটি জনসভায় ভাষণ দিয়ে তিনি শ্রমিকদের উসকানি দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়। 
বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ এই জামিনের আদেশকে স্বাগত জানিয়েছে। এক প্রেস বিবৃতিতে সিআইটিইউ হরিয়ানার এই আদালতের নির্দেশকে ‘ন্যায়ের জয়‘ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে বিবৃতিতে বলেছে যে শুধুমাত্র পুঁজিপতি মালিকপক্ষের স্বার্থে একটি ‘ষড়যন্ত্রের তত্ত্ব‘ ছড়ানো হয়েছে। তার জন্য মানেসার পুলিশদায়ী।
সিআইটিইউ'র বিবৃতিতে বলা হয়েছে, সোমবারের শুনানির সময় বিচারক মৌখিকভাবে মন্তব্য করেছিলেন যে, “যদি ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, তাহলে এই চলতি ব্যবস্থার লজ্জিত হওয়া উচিত।” 
সিআইটিইউ হরিয়ানার সাধারণ সম্পাদক জয় ভগবান দাবি করেছেন যে, মানেসরের বিক্ষোভের ঘটনায় দায়ের করা দুটি এফআইআর-এর ভিত্তিতে গ্রেপ্তার হওয়া সমস্ত শ্রমিককে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। সেই সঙ্গে এই মিথ্যা মামলাগুলোর জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Comments :0

Login to leave a comment