General Strike

নেই ন্যূনতম মজুরি-সামাজিক সুরক্ষা, কোচবিহারের তুফানগঞ্জের ইটভাটা শ্রমিকরা সামিল হবেন ধর্মঘটে

জেলা

কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার চিলাখানা এলাকায় ইটভাটা শ্রমিকদের সাথে কথা বলছেন শ্রমিক নেতারা। ছবি -অমিত কুমার দেব।

দেওয়া হয় না ন্যূনতম মজুরি, নেই কোনও রকম সামাজিক সুরক্ষা। ৬০বছর বয়সের পর তাদের জন্য নেই কোনও পেনশনের ব্যবস্থা। সংসার প্রতিপালণের তাগিদে ইট ভাটায় হাড়ভাঙ্গা পরিশ্রম করার পর মেলে সামান্য মজুরি। আর তাতেই দিন গুজরান করতে হয় ইটভাটা শ্রমিকদের। ইটভাটার ধুলো আর বালি মাখা এই অক্লান্ত শ্রমিকেরা তাই এবার নিজেদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ ভাবে শামিল হবেন শিল্প ধর্মঘটে। রবিবার শ্রমিক নেতাদের কাছে পেয়ে দৃপ্ত কন্ঠে একথাই জানিয়ে দিলেন কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার চিলাখানা ও মারুগঞ্জ এলাকায় অবস্থিত প্রায় ১৬টি ইটভাটার কর্মরত শ্রমিকরা।
   
মূলত তিনটি বিশেষ উপকরণের ওপর নির্ভর করেই দাঁড়িয়ে থাকে একটি ইটভাটা। ইট শিল্পে এই ৩টি প্রধান উপকরণ হলো মাটি, বালি এবং কয়লা। এই বালি ও কয়লা নিয়ে কিনবার ক্ষেত্রে প্রতিনিয়ত বিড়ম্বনার সম্মুখীন হতে হয় এই ইট ভাটা মালিকদের। বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি তারা এই উপকরণগুলি কিনতে পারেন না শাসক দলের মদতপুষ্ট দালালদের মাধ্যমে তাদের এগুলি কিনতে হয়। আর পরোক্ষে এর ফল ভোগ করতে হয় ইটভাটা শ্রমিকদের। কোনও সময় ইট উৎপাদনে ঘাটতি দেখা দিলেও যেমন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন, ঠিক একই ভাবে ইটভাটা শ্রমিকদের মজুরিতেও কাটছাট করে বিভিন্ন ইট ভাটা কর্তৃপক্ষ।
অন্যদিকে, এই ইট ভাটায় কাজ করা শ্রমিকদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। কারণ প্রতিনিয়ত ধুলো এবং মাটি নিয়েই কাজ করতে হয় তাদের। এর ফলে সব সময় তাদের শরীরের ভেতর ধুলো প্রবেশ করে এবং এর ফলে সমস্যা দেখা দেয় ফুসফুসে। শুধু তাই-ই নয়, পেটের রোগ এবং চর্মরোগেও আক্রান্ত হতে হয় তাদের। কিন্তু এক্ষেত্রে তাদের চিকিৎসার কোনও যথাযথ ব্যবস্থা নেই ইটভাটা গুলিতে। ইটভাটা শ্রমিকরা এই সমস্ত রোগে আক্রান্ত হলে তাদের অন্যত্র চিকিৎসা করানোর ক্ষেত্রেও কোনও রকম উদ্যোগ গ্রহণ করে না ইটভাটাগুলি বলে বারংবার ওঠে অভিযোগ।
  
রবিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার চিলাখানা-১ ও ২নং গ্রাম পঞ্চায়েত এবং মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় ১৬টি ইটভাটায় গিয়ে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি চলতি মাসের ১২তারিখ শিল্প ধর্মঘটে তাদেরকে সামিল হওয়ার এদিন আহ্বান জানান সিআইটিইউ নেতা অমিত দত্ত, অসীম সাহা, চন্দন দাস, শ্রমিক নেত্রী রমিচা বিবি প্রমূখ। শ্রমিক নেতাদের এই আহ্বানে সাড়া দিয়ে এদিন ইটভাটা শ্রমিকরা জানান দেন তাদের নিজেদের স্বার্থেই এই ধর্মঘটে সামিল হবেন তারা।

Comments :0

Login to leave a comment