এই প্রস্তাব ব্যক্তি ওম বিড়লাকে আক্রমণ করার জন্য নয়। অধ্যক্ষ পদে আসীন বিড়লার প্রতি অনাস্থা জানানো হয়েছে লোকসভার মর্যাদা বজায় রাখতে।
মঙ্গলবার অনস্থা প্রস্তাবের ওপর আলোচনায় একথা বলেছেন কংগ্রেস সাংসদ গৌতব গগৈ। বিরোধীদের পেশ অনাস্থা প্রস্তাবের ওপর লোকসভায় মঙ্গলবার হয় আলোচনা। বিরোধী ১১৮ সাংসদ অনাস্থা প্রস্তাবে সই করলেও তৃণমূল থাকেনি। তবে এদিন আলোচনায় অনাস্থা প্রস্তাবকে সমর্থন জানিয়েছে।
বিরোধী সাংসদরা বলেছেন, বারবারই দেখা গিয়েছে লোকসভায় বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না। দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়েও বিশদে আলোচনা করতে রাজি থাকছে না সরকার পক্ষ। লোকসভায় তা নিয়ে বলতে উঠলে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। বহিষ্কার করা হচ্ছে বিরোধী সদস্যদের। এমনকি লোকসভার বিরোধী দলনেতাকেও চুপ করিয়ে দেওয়া হচ্ছে।
গগৈ বলেন, ‘‘সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। লোকসভার রেকর্ড ঘাঁটলে দেখা যাবে এই মন্ত্রী বক্তব্য পেশে সবচেয়ে বেশি বাধা দিয়েছেন বিরোধীদের।’’
বিরোধী সাংসদরা বলেছেন, সব সদস্যকে সমান সুযোগ দেওয়ার দায়িত্ব সভার অধ্যক্ষের। কিন্তু সরকার পক্ষের হয়ে কাজ করে চলেছেন অধ্যক্ষ। ন্যূনতম নিরপেক্ষতা দেখাতে পারেননি। এমনও দেখা গিয়েছে যে বিরোধী দলনেতা উঠে দাঁড়িয়ে কিছু বলতে চাইছেন, অথচ সে সময়েই অধ্যক্ষ অন্য কোনও সাংসদকে বলতে নির্দেশ দিচ্ছেন।
সংসদের চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্বেও বিরোধী আট সাংসদকে বহিষ্কার করেন অধ্যক্ষ। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাবের আলোচনায় লোকসভায় ভাষণ দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা বলেছেন যে প্রধানমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়া থেকে বাঁচাতে চেয়েছে অধ্যক্ষ। প্রধানমন্ত্রীর অনুপস্থিতির দায় চাপিয়েছেন বিরোধীদের ওপর। তুলেছেন মিথ্যা অভিযোগ।
বিতর্কের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উঠে দাঁড়ান। তিনি বলেন, ‘হ্যাঁ ঠিক, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু সবচেয়ে বেশি বাধা দিয়েছেন বিরোধীদের। এত দায়িত্বজ্ঞানহীন বিরোধী আগে কখনও দেখা যায়নি।’
এদিকে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা হওয়ায় সভা পরিচালনা করছেন না ওম বিড়লা। বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বসেছেন অধ্যক্ষের আসনে।
এদিনও ব্যক্তি আক্রমণ শানাতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ, মন্ত্রীদের। বিহারের সাংসদ এবং মন্ত্রী গিরিরাজ সিং বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ‘শহুরে নকশাল‘ এবং ‘ভুয়ো গান্ধী পরিবারের যুবরাজ’ বলেছেন। তিনি এদিন সংসদ চত্বরে সংবাদমাধ্যমে এমন আক্রমণ করেন।
confidence against Speaker
অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থায় সরব বিরোধীরা
×
Comments :0