Swatantra Bhardwaj Delhi

মেরে খুলি ফাটানোর ঘোষণার পরও হিন্দুত্ববাদী স্বতন্ত্রের এক দিনের হেপাজত!

জাতীয়

স্বতন্ত্র ভরদ্বাজ।

পডকাস্ট করে প্রকাশ্যে ‘মেরে খুলি ফাটানোর’ জানান দেওয়ার পরও মাত্র একদিনের পুলিশ হেপাজত হয়েছে স্বতন্ত্র ভরদ্বাজের। যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভে শামিল নিশু আজাদের বাবা সঞ্জয় আজাদের মাথা ফাটিয়েছিল এই স্বতন্ত্র। 
দু’দিন আগে একটি পডকাস্টে স্বতন্ত্র ভরদ্বজ সগর্বে ঘোষণা করেছিল যে নিশুর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার পরও পুলিশ কিছু করেনি। কারণ তার সঙ্গে বিজেপি নেতা কপিল মিশ্র বা বিজেপি’র শরিক এলজেপি নেতা চিরাগ পাসোয়ানের গভীর যোগাযোগ রয়েছে। এরপরই বিক্ষোভের মুখে পড়ে, গতকাল, ৪ আগস্ট, স্বতন্ত্রকে গ্রেপ্তার করতে বাধ্য হয় দিল্লি পুলিশ। 
শনিবার, ৫ আগস্ট, দিল্লির পাতিয়ালা হাউস আদালতে তোলা হয় স্বতন্ত্র ভরদ্বাজকে। একদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।
শনিবারই চোদ্দ বছরের নিশু আজাদ জানিয়েছে যে স্বতন্ত্রের বিরুদ্ধে নাবালিকা নির্যাতনে পকসো আইনে পুলিশ অভিযোগ দায়ের করেছে কিনা তা স্পষ্ট নয়। এমনকি তফসিলি জাতি ও আদিবাসী নির্যাতন রোধ আইনে অভিযোগ আদালতে দায়ের হয়েছে কিনা জানা যাচ্ছে না।
এর মধ্যে সোশাল মিডিয়া উগ্র হিন্দুত্ববাদী বাহিনীর কিছু পোস্ট নজরে এসেছে। পকসো বা তফশিলি জাতি আদিবাসী নির্যাতন রোধ আইনে অভিযোগ আদালতে দায়ের না হওয়াকে ‘হিন্দুদের সাফল্য’ বলা হয়েছে। 
গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ কর্মসূচির দিন কেবল দিল্লি পুলিশই বর্বর আক্রমণ করেনি। লাঠি হাতে বিজেপি অনুগামী বিভিন্ন অংশ পুলিশের সামনে অকথ্য নির্যাতন চালায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর। 
ককরোচ জনতা পার্টির অন্যতম সংগঠক সৌরভ দাস জানিয়েছেন যে ঘটনার দিনই নিশুর বাবা সঞ্জয় আজাদের মাথায় মারাত্ম আঘাতের ঘটনায় পুলিশের কাছে যাওয়া হয়। এফআইআর দায়ের করার দাবি জানানো হয়। পুলিশ এফআইআর নেয়নি। পুলিশ বলে আদালতের নির্দেশ আনতে। বিশেষজ্ঞ চিকিৎসক না বললে হত্যার চেষ্টার মতো অভিযোগও দায়ের করা হবে না। পরে এফআইআর হয়। তবে পডকাস্টে স্বতন্ত্র নিজেই জানানোর পর তীব্র বিক্ষোভের জেরে পকসো এবং তফসিলি জাতি নিপীড়ন রোধ আইনের ধারা যুক্ত হয়।
এদিকে আইনজীবী ঋষভ রঞ্জন জানাচ্ছেন, পাতিয়ালা হাউস আদালতে অদ্ভূত ঘটনাক্রম দেখা গিয়েছে। শনিবার পৌনে দু’টো নাগাদ স্বতন্ত্র ভরদ্বাজকে পেশ করা হয়। বিচারপতির বাসস্থানে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা ছিল। ভিডিও কনফারেন্সে বিচার হবে আগে জানা ছিল না। বিচারপতি আদালতে ছিলেন না। নতুন কোন কোন ধারা পুলিশ এফআইআর-এ যুক্ত হয়েছে তার উল্লেখ নেই। 
নিশু আজাদ শনিবারই ‘এক্স’-এ একাধিক পোস্ট করেছে। দলিত পরিবারের কিশোরী জানিয়েছেন সমানে ধর্ষণ এবং খুনের হুমকি মিলছে। চলছে অজস্র গালাগালি। তার আবেদন, কারা এই সব হুমকি দিচ্ছে তদন্ত করে দেখা হোক। 
এদিকে উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন অংশ সোশাল মিডিয়ায় জানিয়েছে যে নিশু এবং তার বাবা সঞ্জয় আজাদের বিরুদ্ধেও পালটা এফআইআর দায়ের হয়েছে। স্বতন্ত্রের ওপর সঞ্জয় এবং তাঁর মেয়েই হামলা চালিয়েছিল যন্তর মন্তরে। স্বতন্ত্র আত্মরক্ষা করছে। এই মর্মে অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ এফআইআর নিয়েছে

Comments :0

Login to leave a comment