BRICS MODI-XI Meet

মোদী-শি বৈঠকের আগে মতের ফারাক রেখেই সম্পর্ক গভীর করার বার্তা চীনের

জাতীয়

ছবি সংগ্রহ থেকে।

মতের ফারাক থাকবে। সঠিকভাবে ফারাকের বিষয় বিবেচনাও করতে হবে। 
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদী-শি জিনপিঙ বৈঠকের আগে এই মর্মে মত জানালো চীন।
শনিবার ‘ব্রিকস’ শীর্ষ বৈঠকে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছান শি। বৈঠকের মাঝে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতির দ্বিপাক্ষিক বার্তালাপ হবে। 
দিল্লিতে চীনের রাষ্ট্রদূত শু ফেইহঙ বলেছেন, ভারতের সঙ্গে সমন্বয় বাড়াতে চায় বেজিঙ। প্রতিবেশি দুই দেশের মধ্যে মতের ফারাক থাকবেই। তবে তা বিবেচনা করার ক্ষেত্রে দু’টি বিষয় মাথায় রাখতে হবে। এক, পারস্পরিক সুরক্ষাজনিত সুবিধা। দুই, দীর্ঘমেয়াদী ফলাফল।  
শুক্রবারই ব্রিকস গোষ্ঠীর অর্থনৈতিক সম্মেলন হয়েছে। শনিবার থেকে শুরু হচ্ছে শীর্ষ বৈঠক। রাষ্ট্রপ্রধানরা মিলিত হচ্ছেন দিল্লির ভারত মন্ডপমে। 
এর আগেই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মোদী। শি-র সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।
চীনের রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্কে উন্নতির লক্ষণ বোঝাতে মনে করিয়েছেন যে পরপর তিন বছর দু’দেশের রাষ্ট্রপ্রধানরা বসছেন আলোচনায়। তিনি বলেছেন, এর আগে কাজান এবং তিয়ানজিনে বৈঠক হয়েছে নরেন্দ্র মোদী এবং শি জিনপিঙের।

Comments :0

Login to leave a comment