NEET SC

ইউপিএসসি’র থেকে শিখতে হবে, ‘নিট’ মামলায় সুপ্রিম কোর্ট

জাতীয়

নিট-র প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভ।

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুক্রবার ফের সুপ্রিম কোর্টের ভর্ৎ‌সনার মুখে পড়লো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এদিন পরীক্ষা পরিচালনার কাজে নিযুক্ত প্রতিষ্ঠান অর্থাৎ এনটিএ -কে  ইউপিএসসি'র মতো প্রতিষ্ঠানের থেকে শিক্ষাগ্রহণ করতে বলে উচ্চ আদালত। একইসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে এনটিএ -কে সতর্কও করা হয় যে, বারবার এই ধরণের  ত্রুটির কারণে সংস্থাটির ব্যবস্থাপনার ওপরেও  আস্থা হারিয়ে যাচ্ছে। 
‘নিট‘ পরিচালনার ক্ষেত্রে কাঠামোগত সংস্কার চেয়ে দায়ের করা একগুচ্ছ আবেদনের শুনানি করতে গিয়ে বিচারপতি পিএস নরসিমারাওয়ের  নেতৃত্বাধীন একটি বেঞ্চ প্রশ্ন তুলেছে যে, অনিয়ম প্রতিরোধের দায়িত্বে থাকা একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি থাকা সত্ত্বেও কীভাবে এত বড় ধরনের বেনিয়মের ঘটনা ঘটলো।
শুনানি চলাকালীন বিচারপতি নরসিমারাও বলেন,"  ইউপিএসসি'র ক্ষেত্রে  কখনোই এই ধরণের পরিস্থিতি হয়নি,  এনটিএ'র শিক্ষা নেওয়া উচিত।" 
কোর্টের তরফে বারংবার জোর দেওয়া হয়েছে যে শুধুমাত্র একটি পরীক্ষার ক্ষেত্রে তৈরি বেনিয়মের বিষয় এটি নয়, বরঞ্চ বিষয়টি প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা সহ লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের, যারা এই অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিল।

প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে, ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (ফাইমা) এবং ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট (ইউডিএফ)-এর দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিষয়টি উত্থাপিত হয়েছে, যেখানে তারা এনটিএ-র কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment