যারা ব্যাপম কেলেঙ্কারি করেছে, পিএম কেয়ার্স কেলেঙ্কারি করেছে, এদেরকে দিয়ে কয়লা, বালি, গরু চাকরির দুর্নীতির তদন্ত হবে না। লাল ঝান্ডাকে জয়যুক্ত করলে চোরেরাও ধরা পড়বে, আর তৃণমূলের সবকটা চোরকে হাজত বাস করানো হবে। শনিবার কোচবিহারে একথা বললেন এসএফআই সর্বভারতীয় সম্পাদক তথা সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য।
শনিবার সিপিআই(এম)'র ডাকে কোচবিহার শহরে কমরেড বীরেন্দ্র চন্দ্র দে সরকার সভা কক্ষে ও জেলার বক্সিরহাট বাজার এলাকায় কর্মীসভা এবং তুফানগঞ্জ শহরের মদনমোহন বাড়ির মোড় এলাকায় একটি পথসভায় বক্তব্য রাখেন সৃজন ভট্টাচার্য। এদিন কোচবিহার শহরের কর্মী সভায় সৃজন ভট্টাচার্য ছাড়াও বক্তব্য রাখেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। সভা পরিচালনা করেন মহানন্দ সাহা।
এদিন সৃজন ভট্টাচার্য বলেন, "বিজেপি বাংলার মানুষের সর্বনাশ করবার জন্য এসেছে। এই বাংলায় বিজেপির কোনও ভাবেই পারত না যদি তৃণমূল কংগ্রেস তাদের জন্য রাজনৈতিক জমি তৈরি করে না দিতো। দিল্লিতে বিজেপি আছে বলেই এরাজ্যে তৃণমূল শান্তিতে চুরি, ডাকাতি, লুটতরাজ করে যেতে পারছে। এই মুহূর্তে যারা তৃণমূলের প্রতি বিরক্ত হয়ে তৃণমূলকে হারাতে চাইছেন, শিক্ষা দিতে চাইছেন, তাদের বুঝে নেওয়া প্রয়োজন বিজেপি এই শক্তি নিয়ে থাকলে তৃণমূলকে কখনোই শিক্ষা দেওয়া সম্ভব হবে না। তাই বিজেপিকে দুর্বল করে প্রান্তিক রাজনৈতিক শক্তি করে দিতে হবে এবং তাদের বাংলা ছাড়া করতে হবে। আর বামপন্থীদের তুলে নিয়ে আসতে হবে তৃণমূলকে মোকাবিলা করার শক্তি হিসেবে। তবেই তৃণমূল হারবে তৃণমূলকে শিক্ষা দেওয়া যাবে, তৃণমূলের গলায় হাত ঢুকিয়ে দুর্নীতির টাকা বের করা যাবে, তৃণমূলের চোরদের শাস্তি দেওয়া সম্ভব হবে।
সৃজন ভট্টাচার্য আরও বলেন, "মমতা ব্যানার্জি বিজেপিকে বিভিন্ন ভাবে সন্তুষ্ট করে ক্ষমতায় টিকে থাকতে চান। তাই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণে ভূষিত করেছেন তিনি। আসলে বিজেপির উদ্দেশ্যে মমতা ব্যানার্জির বার্তা, তুমি আমার রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করোনা, আমার ভাইপোকে ধরো না। পরিবর্তে আমি তোমাকে রিটার্ন গিফট হিসেবে দেবো যাতে সিপিআই(এম) তথা বামপন্থীরা উঠে আসতে না পারে। আমার তৈরি করা রাজনীতির জমিতে তুমি ফসল ফলাও। আমি মন্দির, মসজিদের রাজনীতি করে দেবো। একদিকে মসজিদ করার জন্য হুমায়ুনকে ছেড়ে দেবো, অন্যদিকে সরকারি টাকায় মন্দির বানিয়ে দেবো। আর সেখানে বিজেপির নেতা সস্ত্রীক বেড়াতে যাবেন। অর্থাৎ একই বাড়ির একতলা এবং দোতলা হল তৃণমূল এবং বিজেপি।"
আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জনবিচ্ছিন্ন করেই তৃণমূলের হার নিশ্চিত করার এদিন আহ্বান জানান সৃজন ভট্টাচার্য।
Comments :0