Two female journalists assaulted by Delhi Police

দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চেয়ে দিল্লি পুলিশের নির্যাতনের শিকার দুই মহিলা সাংবাদিক

জাতীয়

প্রশ্ন করতে চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই ক্ষোভে পুলিশ আটক করে মারধর করেছে দুই মহিলা সাংবাদিককে। বৃহস্পতিবার এই অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। 
দিল্লিতে এখন আসীন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দুই মহিলা সাংবাদিক বৃহস্পতিবার অভিযোগ করেছেন যে দক্ষিণ দিল্লির সাকেত থানায় দিল্লি পুলিশের কর্মীরা তাঁদের মারধর করেছেন। 
যদিও, পুলিশের তরফে এই অভিযোগকে "বস্তুনিষ্ঠভাবে ভুল" ও "বিভ্রান্তিকর" বলে প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু ওই দুই সাংবাদিক আরও অভিযোগ করেছেন যে সাকেত থানায় নিয়ে যাওয়ার আগে পুলিশ তাঁদের আটক করেছিল। সেখানেই তাঁদের ওপর নির্যাতন চালানো হয়।
পুলিশের দাবি, মারধরের অভিযোগ তথ্যগতভাবে ভুল এবং বিভ্রান্তিকর। ওই দুই মহিলা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থলের কাছে তাঁদের স্কুটার দাঁড় করিয়ে ভিভিআইপি-দের জন্য নির্ধারিত পথটি আটকে দিয়েছিলেন। সে কারণে তাঁদের আটক করা হয়। গাড়ি সরিয়ে রাস্তা খালি করার জন্য বারবার অনুরোধ ও নির্দেশ দেওয়া সত্ত্বেও তাঁরা তা মানতে অস্বীকার করেন। ভিভিআইপি রুটের নিরাপত্তা ও সুরক্ষা বিধি অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই মহিলাকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে।
কিন্তু সামাজিক মাধ্যমে ওই সাংবাদিকদের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। 
সামাজিক মাধ্যমে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এক সাংবাদিক দাবি করেন যে তাঁরা একটি কর্মসূচির খবর সংগ্রহের জন্য দক্ষিণ দিল্লিতে গিয়েছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে প্রশ্ন করতে চেয়েছিলেন। 
ভিডিও-তে ওই সাংবাদিক অভিযোগ করেন, "আমরা দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের আটক করে সাকেত থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ আমাদের একটি ঘরে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। এরপর, আমরা সংখ্যালঘু জানার পর, পুলিশের আক্রমণ আরও ব্যাপক হয়।" 
তিনি আরও দাবি করেন যে এ ঘটনায় তাঁর পা ও হাতে আঘাত লেগেছে এবং তাঁর সহকর্মী সাংবাদিকের পায়ে আঘাত লেগেছে।
এদিকে অভিযোগ খারিজ করতে পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অনন্ত মিত্তলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করার জেরে হামলার অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। নাগরিক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে অনুরোধ, তাঁরা যেন যাচাইহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকেন।"
অতি সম্প্রতি ছাত্রদের মিছিলে নির্মম আক্রমণ চালানোয় দেশময় ক্ষোভের মুখে পড়েছে দিল্লি পুলিশ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে আম আদমি পার্টি (আপ)।
আপ নেতা সৌরভ ভরদ্বাজ 'এক্স' (X)-এ এক পোস্টে বলেছেন, "মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে প্রশ্ন করার অপরাধে দিল্লি পুলিশ দুই মহিলা  সাংবাদিককে অত্যন্ত নৃশংসভাবে মারধর করেছে। নারী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জন্য এটি লজ্জাজনক।" 
কংগ্রেস সোশাল মিডিয়া হ্যান্ডেলে বলেছে যে, প্রশ্ন করতে চাওয়ায় সাংবাদিকদের মারধর কোনোভাবে মেনে নেওয়া যাবে না।  
সোশাল মিডিয়ায় নিন্দা জানিয়েছে কংগ্রেসও। সেই সঙ্গে থানায় অচেতন অবস্থায় এক সাংবাদিকের পড়ে থাকার ভিডিও-ও পোস্ট করা হয়েছে। 
ঘটনাটি সামনে আসার  পরই সামাজিক মাধ্যমে  ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।  বিশেষ করে পুলিশ স্টেশনে সাংবাদিকদের নিজেদের আঘাতের চিহ্ন দেখানোর ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সাংবাদিকরা জানিয়েছেন যে তাঁরা ডাক্তারি পরীক্ষার জন্য এইমস-এ যাচ্ছেন। 

Comments :0

Login to leave a comment