Madhya Pradesh Bhoj Shala

ভোজশালা-কামাল মওলা মসজিদ বিতর্ক: মধ্যপ্রদেশ হাইকোর্টের রায়ে গভীর উদ্বেগ মহিলা সমিতির

জাতীয়

ভোজশালা-কামাল মওলা মসজিদ বিবাদে মধ্যপ্রদেশ হাইকোর্টের সাম্প্রতিক রায় নিয়ে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (AIDWA)। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই রায় শতবর্ষ প্রাচীন একটি উপাসনালয়ের ওপর সাম্প্রদায়িক দাবিকে বৈধতা দিচ্ছে, যা ভারতীয় প্রজাতন্ত্রের ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক ভিত্তিকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে।
মধ্যপ্রদেশ হাইকোর্টের এই রায়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) সেই নির্দেশিকা বাতিল করা হয়েছে, যেখানে মুসলিমদের ওই চত্বরে নমাজ পড়ার অধিকার দেওয়া হয়েছিল। ওই স্থানটিকে এখন সম্পূর্ণভাবে সরস্বতী মন্দির হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে মহিলা সমিতি এই রায়কে সুপ্রিম কোর্টের বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায়ের সঙ্গে তুলনা করেছে। তাদের আশঙ্কা, এই সিদ্ধান্ত দেশজুড়ে অন্যান্য বিতর্কিত ধর্মীয় স্থান নিয়ে আইনি লড়াইয়ের রূপরেখা বদলে দেবে এবং সাম্প্রদায়িক বিভাজন আরও গভীর করবে।
ধর্মীয় স্থানগুলি নিয়ে অনন্ত বিতর্ক ঠেকাতে সংসদে ১৯৯১ সালের 'উপাসনালয় আইন' প্রণয়ন করা হয়েছিল। মহিলা সমিতির অভিযোগ, হাইকোর্টের রায়ে এই আইনের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।
ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা, সমতা ও ধর্মীয় স্বাধীনতার যে কথা বলা হয়েছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বয়ানকে অগ্রাধিকার দিয়ে এই রায় সেই সাংবিধানিক গ্যারান্টিকে দুর্বল করেছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সংগঠনের বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, দেশ যখন একাধিক গুরুতর জ্বলন্ত সমস্যার সম্মুখীন, তখন জনমানসের নজর ঘুরিয়ে এহেন সাম্প্রদায়িক বিতর্কের অবতারণা দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্য বিপজ্জনক। মহিলা সমিতির অভিযোগ, এই রায় বিজেপি-আরএসএস মতো সাম্প্রদায়িক শক্তিগুলিকে আরও উৎসাহিত করবে, যারা মানুষের দৈনন্দিন বেঁচে থাকার সমস্যাগুলোকে এড়িয়ে বিভাজনমূলক ধর্মীয় ইস্যুকে সামনে আনতে সচেষ্ট।
সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার খর্ব করার এই অপচেষ্টা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। দেশের সাম্য, ন্যায়বিচার এবং ভ্রাতৃত্ববোধের নীতিগুলিকে রক্ষা করতে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি এবং নাগরিকদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে সংগঠন।

Comments :0

Login to leave a comment