ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগে স্বঘোষিত হিন্দুত্ববাদী ইনফ্লুয়েন্সার সতন্ত্র ভরদ্বাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখাল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে দলের সমর্থকরা বিক্ষোভে সামিল হন। তাদের নেতৃত্বে ছিলেন দলের মুখপাত্র সৌরভ দাস।
জানা গিয়েছে, গত ২০ জুলাই যন্তর মন্তরে একটি বিক্ষোভ চলাকালীন সিজেপি-র আন্দোলনকারী নিশু আজাদের বাবা সঞ্জয় কুমারকে মারধর করার অভিযোগ উঠেছিল ভরদ্বাজের বিরুদ্ধে। সম্প্রতি একটি সাক্ষাৎকার সমাজমাধ্যমে ভাইরাল হয়। সেখানে ভরদ্বাজ নিজেই সঞ্জয় কুমারকে মারধর করার দাবি করেছেন বলে অভিযোগ সিজেপির-র।
এই ঘটনার পরই ভরদ্বাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে পথে নামে সিজেপি। দলের অভিযোগ, দিল্লি পুলিশ এখনও অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ও কঠোর পদক্ষেপ নেয়নি। সঞ্জয় কুমারের জন্য ন্যায়বিচারের দাবিও তোলেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন সিজেপি সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশকর্মী এবং ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় থানার আশপাশের এলাকা।
তবে সঞ্জয় কুমারের মাথায় খুলির হাড় ভেঙেছে এই দাবি মানতে নারাজ দিল্লি পুলিশ। পুলিশের বক্তব্য, বচসা ও ধস্তাধস্তির সময় তিনি সামান্য চোট পেয়েছিলেন। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
একদিকে সিজেপি-র অভিযোগ, অন্যদিকে পুলিশের দাবি এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে উত্তেজনা অব্যাহত রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিক্ষোভকারীরা।
CJP Delhi
দিল্লিতে সিজেপি-র বিক্ষোভ, ছাত্রের বাবাকে মারধরের অভিযোগে হিন্দুত্ববাদী ‘ইনফ্লুয়েন্সারের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
×
Comments :0