Delhi

ককরোচ পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, আন্দোলনে সংহতি জানিয়ে উপস্থিত সোনাম

জাতীয়

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অশান্তি এড়াতে শনিবার ছয়জনকে আটক করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশের দাবি, বিক্ষোভস্থলের আশপাশে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছিলেন এমন কয়েকজনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে। 
অভিজিৎ দীপকের নেতৃত্বে এই বিক্ষোভে শতাধিক ছাত্রছাত্রী ও তরুণ পেশাজীবী অংশ নেন। ছিলো এসএফআই নেতৃত্ব। দিল্লির যন্তরমন্তরে জড়ো হয়ে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। পরীক্ষার পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই দাবিতে সরব হন আন্দোলনকারীরা।
আন্দোলনকারিদের প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন পরিবেশন আন্দোলনের অন্যতম নেতা এবং লাদাখের স্বশাসনের আন্দোলনের প্রধান মুখ সোনাম ওয়ানচুক। দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং তাতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সোনাম। 
বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেককে ককরোচের মুখোশ পরে এবং হাতে ফুল নিয়ে উপস্থিত থাকতে দেখা যায়। বেশ কিছু স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীও তাদের অভিভাবকদের সঙ্গে কর্মসূচিতে যোগ দেয়। পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে এক হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়। পাশাপাশি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং শহরের বিভিন্ন প্রবেশপথেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখছিলেন আধিকারিকরা। বিক্ষোভস্থলের চারপাশে ব্যারিকেড বসিয়ে অংশগ্রহণকারীদের চলাচল নিয়ন্ত্রণ করা হয় এবং অন্য গোষ্ঠীগুলিকে আলাদা রাখার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, বিভিন্ন পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যুবসমাজের উদ্যোগে ককরোচ জনতা পার্টির উত্থান ঘটে। সংগঠনটি গত এক মাস ধরে নিট, সিবিএসই-সংশ্লিষ্ট পরীক্ষা এবং এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে অনলাইন প্রচারাভিযান চালিয়ে আসছে।
পুলিশের মতে, বড় জমায়েত এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় আগেভাগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।

Comments :0

Login to leave a comment