কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আয়োজিত মক পার্লামেন্টে অধ্যক্ষের ভুমিকায় লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার। ইমপিচমেন্টের প্রস্তাব পেশ করবেন মল্লিকার্জুন খাড়গে। অধিবেশনের শেষ পর্বে বক্তব্য রাখার কথা রয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
বিরোধী জোটের বক্তব্য, ভোট চুরি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-কে কেন্দ্র করে যে সমস্ত অভিযোগ উঠেছে, তার প্রতিবাদেই এই কর্মসূচি বিরোধীদের। সংসদে এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনার দাবি জানানো হলেও বিরোধীদের সেই সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ ইন্ডিয়া মঞ্চের নেতাদের। তাদের দাবি, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদেরও গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জবাবদিহির আওতায় থাকতে হবে। সেই দাবিতেই এই প্রতীকী ইমপিচমেন্ট অধিবেশনের আয়োজন।
অন্যদিকে, বিরোধীদের এই কর্মসূচির তীব্র সমালোচনা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এই ধরনের অধিবেশনের কোনও সাংবিধানিক স্বীকৃতি নেই। সংসদীয় পদ্ধতির সঙ্গে রাস্তায় রাজনৈতিক প্রতিবাদকে গুলিয়ে ফেলছে বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাও বিরোধীদের সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশনের কাছে যথাযথ পদ্ধতিতে অভিযোগ না জানিয়ে বিরোধীরা রাজনৈতিক নাটক করছে। তাদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
উল্লেখ্য, এই কর্মসূচির পরেই দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের একটি বড় সমাবেশ হওয়ার কথা। ভোটার তালিকার বিশেষ সংশোধন, নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোট চুরির অভিযোগকে সামনে রেখেই সেই সমাবেশের প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া মঞ্চ। ফলে নির্বাচন কমিশনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।
INDIA Alliance
মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ অধিবেশন ইন্ডিয়া মঞ্চের, নেতৃত্বে খাড়গে-রাহুল
×
Comments :0