kalbaisakhi

কালবৈশাখীর তাণ্ডব ডুয়ার্সে, লণ্ডভণ্ড বানারহাট

জেলা

​চৈত্র আসার আগে ফাল্গুনের শেষেই কালবৈশাখীর রুদ্ররূপ দেখল ডুয়ার্স। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ঝড়ে কার্যত তছনছ হয়ে গেল বানারহাট ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। ঝড়ের দাপটে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, ভেঙে পড়েছে জনজীবন। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। এমনকি কর্তব্যরত অবস্থায় ঝড়ের কবলে পড়ে আটকে পড়েন বানারহাট থানার আইসি-ও।
বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই আকাশ কালো করে শুরু হয় প্রবল বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় ডুয়ার্সের একাধিক জনপদ। সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বানারহাট ব্লকের দুরামারি ও নাথুয়া এলাকায়। জাতীয় সড়কের ওপর একাধিক জায়গায় বিশালাকায় গাছ উপড়ে পড়ায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে বহু কাঁচা বাড়ির চাল উড়ে গেছে। ভেঙে পড়া গাছের তলায় চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পাকা বাড়িও।
প্রবল ঝড়ে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার, উপড়ে গেছে খুঁটি। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই গোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন। ঝড়ের সময় এলাকায় টহল দেওয়ার সময় রাস্তায় গাছ পড়ে যাওয়ায় আইসি বানারহাটের গাড়িও দীর্ঘক্ষণ আটকে থাকে।
বিপর্যয়ের খবর পেয়েই এলাকায় পৌঁছায় প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা বাহিনী রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিদ্যুৎ দপ্তরও পরিষেবা ফেরাতে কাজ শুরু করেছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment