Lalu Prasad Yadav

নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ক্ষুব্ধ লালু-রাবড়ি, ফিরিয়ে দিলেন নতুন নিরাপত্তারক্ষীদের

জাতীয়

বিহার সরকারের পক্ষ থেকে জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তার স্ত্রী রাবড়ি দেবী শুক্রবার তাদের জন্য মোতায়েন করা নতুন নিরাপত্তারক্ষীদের ফিরিয়ে দিয়েছেন।
সম্প্রতি রাজ্যের ভিআইপি নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার পর বিহার সরকার লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহার করে। এর পরিবর্তে তাদের জন্য বিহার স্পেশাল আর্মড পুলিশ (BSAP)-এর অধীনে সীমিত নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়। কিন্তু পাটনার ১০, সার্কুলার রোডের সরকারি বাসভবনে মোতায়েন করা সেই নিরাপত্তাকর্মীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, আরজেডি সমর্থকদের হাতে লাঠি নিয়ে ওই বাসভবনের বাইরে পাহারা দিতে দেখা গেছে। নতুন নিরাপত্তা ব্যবস্থায় বিএসএপির দুই থেকে আটজন হাউস গার্ড, পাটনা জেলা পুলিশের দুইজন দেহরক্ষী এবং একটি পাইলট ও বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা ছিল।
বিরোধী দলনেতা ও লালু-রাবড়ির পুত্র তেজস্বীও তার ওয়াই-শ্রেণির নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন। বড় ছেলে তেজ প্রতাপ এর নিরাপত্তা কভারও প্রত্যাহার করা হয়েছে।
লালু-রাবড়ি দম্পতির কন্যা রোহিনী অভিযোগ করেছেন, তাদের নিরাপত্তা কমানোর সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লেখেন, ‘পরিবারের ক্ষতি করার অসৎ উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার নামে শুধু প্রহসন রেখে দেওয়ার কোনও অর্থ নেই। তাই রাবড়ি দেবী নিরাপত্তারক্ষীদের সরকারি বাসভবন থেকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
আরও একটি পোস্টে তিনি আরজেডি কর্মী-সমর্থকদের ১০, সার্কুলার রোডের বাসভবনের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান। তার দাবি, যাদব পরিবারের প্রকৃত রক্ষাকবচ হলেন দলের কর্মী ও সমর্থকেরাই।
আরজেডি মুখপাত্র শক্তি যাদব জানিয়েছেন, দলের আরও কয়েকজন নেতা তাদের নিরাপত্তা কভার ফিরিয়ে দিতে পারেন।
নিরাপত্তা বিতর্কের মধ্যেই নতুন করে শুরু হয়েছে সরকারি বাংলো নিয়ে টানাপোড়েন। গত ২৭ মে বিহারের বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট একটি নির্দেশ জারি করে রাবড়ি দেবীকে ১০, সার্কুলার রোডের সরকারি বাংলো খালি করার নির্দেশ দেয়।
সরকারি নির্দেশ অনুযায়ী, বাংলোটি মৎস্য ও দুগ্ধ উন্নয়নমন্ত্রী নন্দ কিশোর রামের নামে বরাদ্দ করা হয়েছে। তবে রাবড়ি দেবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি বাড়ি ছাড়বেন না।
দিল্লি থেকে পাটনায় ফিরে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেখছি, সম্রাট চৌধুরি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার আনন্দে খুব উচ্ছ্বসিত। সরকার চাইলে জোর করে আমাকে উচ্ছেদ করুক, কিন্তু আমি নিজে থেকে এই বাড়ি ছাড়ব না।’

Comments :0

Login to leave a comment