প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কাকে কেন্দ্র করে মহারাষ্ট্র টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) ২০২৫ পরীক্ষা স্থগিত করল মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন (এমএসসিই)। রবিবার, ২৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষা। তবে থানে জেলার ভিওয়ান্ডি থেকে পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিল রয়েছে বলে সন্দেহভাজন কিছু নথি উদ্ধারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নথিগুলি টেট পরীক্ষার প্রশ্নপত্র, নাকি কেবলমাত্র মক টেস্টের প্রশ্নপত্র তা খতিয়ে দেখা হচ্ছে। এই যাচাইয়ের রিপোর্টের উপরই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।
এমএসসিই-র তরফে জানানো হয়েছে, ২৭ জুন সকালে গোপন সূত্রে খবর পেয়ে ভিওয়ান্ডিতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় ঘটনাস্থলে মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশনের আধিকারিকদেরও ডাকা হয়।
প্রাথমিক তদন্তে ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া কয়েকটি প্রশ্ন টেট ২০২৬ পরীক্ষার জন্য প্রস্তুত করা প্রশ্নের সঙ্গে মিলে গিয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার জেরে ভিওয়ান্ডি থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের উৎস, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং গোটা চক্রের বিস্তার খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
এমএসসিই এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই ২৮ জুনের টেট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাচাইয়ে যদি প্রমাণিত হয় যে উদ্ধার হওয়া প্রশ্নপত্রই প্রকৃত পরীক্ষার প্রশ্ন, তবে পরীক্ষা সম্পূর্ণ বাতিল করার বিষয়টি বিবেচনা করা হবে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।
এখনও পর্যন্ত পুলিশ বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পরীক্ষার্থীদের শুধুমাত্র এমএসসিই-র সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা তথ্য থেকে দূরে থাকারও আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।
তদন্ত শেষ হওয়ার পর এবং পরিস্থিতি সম্পূর্ণ মূল্যায়ন করে টেট ২০২৬ পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন।
উল্লেখ্য বিজেপি শাসিত রাজ্যে টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস ফের একবার প্রমান করছে তাদের প্রশাসনিক ব্যার্থতা। এর আগে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় বাতিল হয় পরীক্ষা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশ জুড়ে পথে নামেন পড়ুয়ারা।
Maharashtra
প্রশ্নফাঁসের আশঙ্কায় স্থগিত মহারাষ্ট্র টেট ২০২৬ পরীক্ষা
×
Comments :0