Mangala Kanta Roy

প্রয়াত কিংবদন্তি লোক শিল্পী সারিন্দা বাদক পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায়

জাতীয় রাজ্য

প্রয়াত হলেন কিংবদন্তি শিল্পী সারিন্দা বাদক পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায়। তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। উত্তরবঙ্গের ৫০০ বছরের প্রাচীন লোকসংস্কৃতির ধারক ছিলেন মঙ্গলা কান্ত। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির আমগুড়ি গ্রামের ধওলাগুড়ির নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রী প্রাপ্ত মঙ্গলাকান্ত রায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত অসুস্থতা ও গলার সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই শিল্পী। মঙ্গলা কান্তের হাত ধরেই বিলুপ্তপ্রায় লোকশিল্প "সারিন্দা বাদন" নতুন প্রাণ ফিরে পেয়েছিল। অসামান্য এই অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে রাজ্য সরকারের তরফে "বঙ্গ রত্ন" সম্মান এবং ২০২৩ সালে ভারত সরকারের তরফে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান "পদ্মশ্রী" সম্মানে সম্মানিত করা হয় মঙ্গলাকান্ত রায়কে। তার প্রয়ানে উত্তরবঙ্গ জুড়েই নেমে এসেছে শোকের ছায়া। 
পরিবার সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস আগে শারীরিক অসুস্থতার কারণে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে হাসপাতালে থাকতে না চাওয়ায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। গত কয়েকদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। শুক্রবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সমগ্র এলাকা জুড়েই নেমে আসে শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন। প্রয়াত শিল্পীর শেষ ইচ্ছে অনুযায়ী বাড়ির পাশেই নিজস্ব জমিতেই শেষকৃত্য সম্পন্ন করা হবে।

Comments :0

Login to leave a comment