নিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের ভুয়ো মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে তীব্র বিতর্কের মুখে পড়েছে মুম্বই পুলিশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মুম্বই কংগ্রেসের শেয়ার করা একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়েছে। ঘটনার সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিডিওতে দেখা যাওয়া ইউনিফর্ম পরিহিত পুলিশকর্মীকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গত কয়েক দিনে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকে মুম্বইয়ের শিবাজি পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দান-সহ একাধিক এলাকায় ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের বিক্ষোভ সংগঠিত হয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একদল যুবককে একটি পুলিশ ভ্যানে বসিয়ে রাখা হয়েছে। অভিযোগ, তাদের বিক্ষোভস্থল থেকে আটক করা হয়েছিল। ভিডিওতে সামনের আসনে বসা এক পুলিশকর্মীকে বলতে শোনা যায়, আন্দোলনে আর অংশ না নিতে এবং বাড়ি ফিরে যেতে।
ভিডিওতে ওই পুলিশকর্মীকে বলতে শোনা যায়, ‘আবার এখানে দেখা গেলে তোমাদের জীবন শেষ করে দেব।’ এরপর তাকে বলতে শোনা যায়, ছাত্ররা ফের বিক্ষোভ সংগঠিত করলে তাদের ব্যাগে ৫০-৫০ গ্রাম পাউডার রেখে ভুয়ো মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে এবং তাতে তাদের জীবন শেষ হয়ে যাবে। পাশাপাশি তিনি দাবি করেন, এই আন্দোলনের কারণে তার কাজেরও সমস্যা হচ্ছে।
ভিডিওটি পোস্ট করে মুম্বই কংগ্রেস এক্স-এ দাবি করেছে, যদি এই অভিযোগ সত্যি হয়, তবে তা শুধু ছাত্রদের ভয় দেখানোর চেষ্টা নয়, বরং গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। দলের বক্তব্য, প্রতিবাদ করা কোনও অপরাধ নয়।
ঘটনা সামনে আসার পর মুম্বই পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, ছাত্র আন্দোলন দমনে মুম্বই পুলিশের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ডিজিটাল নজরদারি, সরাসরি ফোন করা এবং বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়াও, যাদের বিরুদ্ধে আগে এফআইআর দায়ের হয়েছে বা আইনি নোটিস দেওয়া হয়েছিল, তাদের স্থানীয় থানার পক্ষ থেকে ফোন করে বাড়িতে থাকতে বলা হয়েছে বলেও অভিযোগ। কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।
পাশাপাশি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ৩৫(৩) ধারায় ডিজিটাল মাধ্যমে নোটিস পাঠিয়ে আগের বিক্ষোভে অংশগ্রহণের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
Mumbai Police
ছাত্রদের ভুয়ো মাদক মামলায় ফাঁসানোর হুমকি? ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, তদন্ত শুরু মুম্বই পুলিশের
×
Comments :0