দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভ, সংসদে অচলাবস্থা এবং রাজনৈতিক সংঘাতের আবহে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে।
প্রধানমন্ত্রী লেখেন, ‘দেশের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।’ তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মোদীর দাবি, ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ করছে। তার কথায়, ‘যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড়া হবে না।’
প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই পাল্টা আক্রমণ শানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স-এ পোস্ট করে তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থার সর্বাধিক ক্ষতি করেছেন প্রধানমন্ত্রী নিজেই। রাহুলের দাবি, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে দেওয়া হয়েছে এবং দোষীদের রক্ষা করা হয়েছে।
একই সঙ্গে ছাত্রদের তিনটি মূল দাবি পুনরায় তুলে ধরেন তিনি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে অপসারণ করতে হবে। ছাত্রদের কাছে সরকারকে ক্ষমা চাইতে হবে। আন্দোলনরত ছাত্রদের উপর হামলার অভিযোগে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বুধবারও রাহুল গান্ধী দাবি করেছিলেন, গত ১০ বছরে দেশে ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও একটিও মামলায় দোষীদের সাজা হয়নি। সেই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী এবার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করলেন।
এদিকে, ছাত্র আন্দোলনের সমর্থনে থাকা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-ও প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় থাকে। দলের পক্ষ থেকে এক্স-এ জানানো হয়, ‘ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে।’
অন্যদিকে, বিরোধী দলগুলি সংসদে এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করে আসছে। পাশাপাশি, দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশের অভিযানের বিষয়েও সরকারের জবাব চেয়েছে তারা। বিরোধীদের স্পষ্ট অবস্থান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এই ইস্যুতে সংসদে আলোচনা সম্ভব নয়।
যদিও কেন্দ্র সরকার জানিয়েছে, তারা সংসদে এই বিষয়ে আলোচনায় প্রস্তুত। সরকারের অভিযোগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে পূর্বশর্ত করে বিরোধীরাই সংসদের কার্যক্রম ব্যাহত করছে।
Narendra Modi
প্রশ্ন ফাঁস মামলার দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালত, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর; পাল্টা আক্রমণে রাহুল, ইস্তফার দাবিতে অনড় বিরোধীরা
×
Comments :0