BRICS Delhi

কাল দিল্লিতে ‘ব্রিকস’ শীর্ষ বৈঠক, আলোচ্যসূচিতে বহুমেরুত্ব

জাতীয়

সুরক্ষা ব্যবস্থা কড়া হচ্ছে দিল্লিতে। মোতায়েন করা হচ্ছে প্রায় ৩০ হাজার সুরক্ষাকর্মীকে। শনিবার থেকে শুরু হচ্ছে উত্থানশীল দেশগুলির গোষ্ঠী ‘ব্রিকস’-র বৈঠক। 
ভারত এ বছর ব্রিকস-র সভাপতিত্ব করছে। দিল্লিতে শীর্ষ বৈঠকে যোগ দিতে আসছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙ। আসছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানও। 
প্রশ্ন রয়েছে ভারতকে নিয়েই। বহুমরু বিশ্বের পক্ষে গঠিত এই গোষ্ঠীর শীর্ষ বৈঠকের আয়োজক দেশ হিসেবে ভারত কী আমেরিকার একতরফা আগ্রাসনের নিন্দা জানাবে? প্যালেস্তাইনে আমেরিকার সহযোগী ইজরায়েলের আগ্রাসন চলছে। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে ধাক্কা খেয়ে পিছু হটেছে আমেরিকা-ইজরায়েল জোট। কিন্তু পরিস্থিতির জেরে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা রয়েছে ভালোভাবেই। জ্বালানি, সারের সরবরহা ঘিরে অনিশ্চয়তার ছায়া পড়েছে ভারতেও। 
১২ সেপ্টেম্বর, শনিবার, দিল্লিতে গোষ্ঠীর ১১টি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক। পরদিনই সহযোগী দেশগুলিকে যুক্ত করে হবে গোষ্ঠীর পূর্ণ বৈঠক। 
১১ সদস্য দেশের মধ্যে চীন রাশিয়ার পাশাপাশি রয়েছে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরশাহীও। 
আর সহযোগী দেশের তালিকায় রয়েছে বেলারুশ, কাজাখস্তান, থাইল্যান্ড, কিউবা, উজবেকিস্তান। 
ইরান এবং কিউবা আমেরিকার অবরোধের মুখে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সরাসরি একমেরু বিশ্বব্যবস্থা চাপাতে মুখিয়ে রয়েছে আমেরিকা। ফলে দিল্লিতে শীর্ষ বৈঠকে বার্তা কী হবে তা জানার আগ্রহ রয়েছে বিশ্বজুড়ে। 
শুক্রবার, দিল্লিতে, ব্রিকস-র বাণিজ্য সম্মেলন হবে। যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের একটি বড় বাণিজ্যিক প্রতিনিধিদল এসে পৌঁছেছে দিল্লিতে। 
ব্রিকস শীর্ষ বৈঠকে আলোচ্যসূচীতে বাণিজ্যের পাশাপাশি রয়েছে বহুমেরুত্ব। রয়েছে জ্বালানির ক্ষেত্রে পারস্পরিক নির্ভরতা। এই ক্ষেত্রও রয়েছে আমেরিকার খবরদারি। রাশিয়ার থেকে ভারত কম দামে তেল কেনায় নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা। চীন নিষেধাজ্ঞার পালটা ব্যবস্থা নিলেও ভারত ট্রাম্পের মন ভেজানোর চেষ্টা করে চলেছে। 
এদিকে দিল্লির চাণক্যপুরী এলাকায় যে যে হোটেলে রাষ্ট্রপ্রধানদের রাখা হচ্ছে, তার সুরক্ষা দেখা হচ্ছে খুঁটিয়ে। শীর্ষ বৈঠকের মূল কাজ হবে ভারত মন্ডপমে। তার আশেপাশের সুরক্ষা মজবুত করা হচ্ছে। চীন, রাশিয়ার মতো বিভিন্ন দেশের সুরক্ষা কর্মীরাও পৌঁছে গিয়েছেন দিল্লিতে। 
তবে বাংলাদেশ দিল্লিতে প্রতিনিধি পাঠাবে কিনা নিশ্চিত নয়। ঢাকা শুক্রবারর দুপুরেও নিশ্চিত করেনি পরিকল্পনা।

Comments :0

Login to leave a comment