নিট-সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের ঘটনায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের কেন্দ্রের সিদ্ধান্তকে ‘মূল সমস্যাকে আড়াল করার চেষ্টা’ বলে কড়া ভাষায় সমালোচনা করলো এসএফআই। সংগঠনের দাবি, শুধুমাত্র প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার করলেই সমস্যার সমাধান হবে না। প্রকৃত সংকটের জন্য রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এক বিবৃতিতে এসএফআই জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা চলমান পরীক্ষা-সংকটকে কেবল ব্যক্তিগত অপরাধের মধ্যে সীমাবদ্ধ করে দেখানোর চেষ্টা। অথচ প্রশ্নফাঁস, পরীক্ষায় অনিয়ম, প্রযুক্তিগত ব্যর্থতা এবং নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় বারবার বিপর্যয় কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং কেন্দ্রের শিক্ষা নীতির ফল।
সংগঠনের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থাকে ক্রমশ কেন্দ্রীয়করণ ও বাণিজ্যিকীকরণের পথে নিয়ে গিয়েছে, যার ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বারবার স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছে। তবুও কেন্দ্র সরকার এনটিএ-র ব্যর্থতার দায় স্বীকার না করে তাকে রক্ষা করছে বলে অভিযোগ এসএফআই-এর।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সংকটের মূল কারণ জাতীয় শিক্ষা নীতি (এনইপি)। এসএফআই-এর দাবি, এই নীতির ফলে পরীক্ষা ব্যবস্থার অতিরিক্ত কেন্দ্রীয়করণ, শিক্ষার বেসরকারিকরণ এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্বলীকরণ ঘটেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের পরীক্ষা ব্যবস্থার উপর এবং ছাত্রছাত্রীদের আস্থা নষ্ট হয়েছে।
সংগঠনের মতে, প্রশ্নফাঁসের জন্য শুধুমাত্র অপরাধীদের নয়, শিক্ষা ব্যবস্থার এই পরিস্থিতির জন্য কেন্দ্র সরকার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও রাজনৈতিকভাবে দায় নিতে হবে।
এসএফআই জানিয়েছে, দেশের ছাত্রছাত্রীরা কেবল প্রতীকী ঘোষণা বা পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নয়, বরং কাঠামোগত পরিবর্তন এবং রাজনৈতিক জবাবদিহি চাইছে।
এসএফআই-এর চার দফা দাবি, অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বাতিল করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নতুন সরকারি পরীক্ষা ব্যবস্থা গঠন। জাতীয় শিক্ষা নীতি (এনইপি) প্রত্যাহার। পরীক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কার করে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
বিবৃতিতে এসএফআই স্পষ্ট জানিয়েছে, সংকটের জন্য দায়ী ব্যক্তিরা ক্ষমতায় থেকে গেলে শুধুমাত্র ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক, সমতাভিত্তিক এবং সকলের জন্য সহজলভ্য ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে দেশজুড়ে ছাত্র আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংগঠন।
SFI
ফাস্ট-ট্র্যাক আদালত ঘোষণা ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ এসএফআই-এর
×
Comments :0