যাদবপুরে হকার ও শ্রমজীবী মানুষের উচ্ছেদের বিরুদ্ধে চলা আন্দোলনে পুলিশি আক্রমণের বিরুদ্ধে সরব এসএফআই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। বিবৃতিতে, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি হামলা চালানো হয়েছে এবং সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের গ্রেপ্তারির তীব্র নিন্দা করা হয়েছে।
এসএফআইয়ের অভিযোগ, রেল স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় হকার ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উচ্ছেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রমিক সংগঠন, সংগঠন, ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক কর্মীরা আন্দোলন চালিয়ে আসছেন। সংগঠনের দাবি, যাদবপুরে ওই আন্দোলনের অংশ হিসেবে প্রতিবাদকারীরা শান্তিপূর্ণভাবে জমায়েত হয়েছিলেন। কিন্তু আদালতের নির্দেশকে মান্যতা না দিয়ে পুলিশ উচ্ছেদ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ছাত্র, সাংস্কৃতিক কর্মী, ট্রেড ইউনিয়ন সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের ওপর শারীরিক আক্রমণ চালানো হয় এবং বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় সৃজন ভট্টাচার্যের গ্রেপ্তার পাশাপাশি সিপিআই(এম) নেতা ও এসএফআইয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তীর ওপর পুলিশি আক্রমণ নিয়ে সংগঠনের তরফে নিন্দা জানানো হয়েছে।
এসএফআই কেন্দ্রীয় কমিটি এই ঘটনাকে গণতান্ত্রিক অধিকার ও প্রতিবাদের সাংবিধানিক স্বাধীনতার ওপর আঘাত বলে চিহ্নিত করেছে। সংগঠনের মতে, শ্রমিক, ছাত্র এবং গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে বলপ্রয়োগ গণআন্দোলন দমনের প্রবণতার ইঙ্গিত বহন করে।
সংগঠনের পক্ষ থেকে সৃজন ভট্টাচার্য-সহ সমস্ত আটক হওয়া সবার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার, উচ্ছেদ অভিযান বন্ধ এবং ক্ষতিগ্রস্ত হকার ও শ্রমজীবী মানুষের পুনর্বাসনের দাবিও জানানো হয়েছে। একইসঙ্গে পুলিশি পদক্ষেপের নিরপেক্ষ তদন্তও দাবি তোলা হয়েছে।
এসএফআই তাদের বিবৃতিতে দেশজুড়ে ছাত্র-যুব সমাজকে আন্দোলনরত শ্রমিক, হকার ও গণতান্ত্রিক কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। সংগঠনের মতে, জীবিকা রক্ষা, গণতান্ত্রিক অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
SFI
যাদবপুরে উচ্ছেদবিরোধী আন্দোলনে পুলিশি আক্রমণের তীব্র নিন্দা এসএফআইয়ের
×
Comments :0