ফসলের দাম, আবাস এবং একশো দিন কাজের দাবিতে ৩০ জুন রাজ্যের সব পঞ্চায়েতে জমায়েত করবে সারা ভারত কৃষক সভা।
পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার কাউন্সিল অধিবেশনের পর এই কর্মসূচি জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক পরেশ পাল।
তিনি বলেছেন, ‘‘রাজ্যে আসীন হয়েছে বিজেপি সরকার। ভোটের আগে সংকল্প পত্রে বিজেপি বলেছিল ৩১০০ টাকা দরে প্রতি কুইন্টাল চাল কিনবে। চালের দর নেমে কুইন্টালে ১৫০০-১৬০০ টাকায় ঠেকেছে। আমরা বলছি সরকার নিজের প্রতিশ্রুতি পালন করুক।’’
এদিন কাউন্সিল অধিবেশনে এসআইআর-এ নাম বাদের বিষয়টিও আলোচিত হয়েছে। ভোটার তালিকায় নাম না থাকলে কৃষক ধানের সংগ্রহ মূল্যও পাবেন না। ভোটার তালিকায় সব বৈধ ভোটারের নাম তোলার দাবিও তুলছে কৃষকসভা।
পাল জানিয়েছেন ৩০ জুলাই সব ব্লকে গণ অবস্থান হবে। দাবি তোলা হবে সমবায়ের মাধ্যমে কৃষি ঋণের। সার, বীজ, কীটনাশকে কালোবাজারি যাতে না হয় তোলা হবে সে দাবিও।
মঙ্গলবার অধিবেশনে যোগ দেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান, সহ সভাপতি হান্নান মোল্লা। প্রাদেশিক কৃষক সভার সভাপতি মেঘনাদ ভুইঞাঁ সহ কৃষক নেতৃবৃন্দ স্মরণ করেন সংগঠনের নেতা প্রয়াত অসীম সাউকে। ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি অনাদি সাহু, সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দারও। এদিন সম্বর্ধনা দেওয়া হয় ডোমকল কেন্দ্রে জয়ী বামপন্থী প্রার্থী বিধায়ক মোস্তাফিজুর রহমানকে।
পরেশ পাল বলেছেন, ‘‘নির্বাচনে মানুষ ভোট দিয়েছে তৃণমূলের দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে। সরকারের আসীন বিজেপি। নতুন পরিস্থিতিতে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে। সীমান্তের অনেকটা ভেতরে ঢুকে জমি নেওয়া হচ্ছে। বেড়ার ওপারে যে কৃষকের জমি চলে যাচ্ছে তাঁরা কী করবেন? সরকারকে ব্যবস্থা নিতে হবে।’’
এদিন কাউন্সিল অধিবেশনে ঠিক হয়েছে ১০ আগস্ট আইন অমান্য হবে সিআইটিইউ, খেতমজুর, বস্তি ফেডারেশনের সঙ্গে যৌথভাবে।
AIKS Council Meeting
ফসলের দাম, গ্রামে কাজ: ৩০ জুন সব পঞ্চায়েতে জমায়েত কৃষক সভার
পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার অধিবেশনে বিজু কৃষ্ণান, মেঘনাদ ভুইঞাঁ, পরেশ পাল, হান্নান মোল্লা সহ নেতৃবৃন্দ।
×
Comments :0