বিহারে গত ২৫ জুলাই ছাত্র বিক্ষোভের সময় এক পুলিশ কনস্টেবলের একে-ফর্টিসেভেন ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের জেরে বিহার সরকার সিওয়ানের পুলিশ সুপার পূরণ কুমার ঝা-কে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছে। যে কনস্টেবল রাইফেলটি চালিয়েছিলেন তাঁকে আগেই বরখাস্ত করা হয়েছিল। পূরণ কুমার ঝা-কে নতুন কোনও পদে নিয়োগ করা হয়নি।
দিল্লিতে যন্তর-মন্তর প্রতিবাদের সময়েই বিহারে একের পর এক জেলায় বিক্ষোভ দেখায় ছাত্ররা। প্রশ্নপত্র ফাঁস থেকে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশার বিরুদ্ধে চলে বিক্ষোভ। তার মধ্যেই ২৫ জুলাই একে-ফর্টিসেভেন হাতে গুলি ছুঁড়তে দেখা যায় ওই কনস্টেবলকে। তার আগেই, ২০ জুলাই দিল্লিতে পেলেট গান ব্যবহার করেছিল দিল্লি পুলিশ। ছাত্র বিক্ষোভে এসব অস্তর্ কেন, এই প্রশ্নে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ।
বিহার সরকার যদিও সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে, বিক্ষোভকারীরা অবরোধ করার পরই ওই কনস্টেবল নীলেশ কুমার সিং একে-ফর্টিসেভেন থেকে চার রাউন্ড গুলি চালিয়েছিলেন। প্রতেকটি গুলিই আকাশে ছোঁড়া হয়েছিল। রাজ্য সরকারের দাবি, ওই চার রাউন্ড গুলিতে কেউ আহত হননি। তবে ঘটনার ভিডিও-তে দেখা গিয়েছিল কনস্টেবলকেই ছাত্রদের দিকে তেড়ে যেতে। সঙ্গে ছিল সশস্ত্র বাহিনী।
বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব প্রশ্ন তুলেছেন যে, শিক্ষার্থীদের বিক্ষোভের সময় মোতায়েন থাকা একজন কনস্টেবল কীভাবে একটি একে-৪৭পেলেন এবং কোন অস্ত্রাগার থেকে সেটি তাঁকে দেওয়া হয়েছিল। তিনি আরও জানতে চেয়েছেন, কার অনুমোদনে ওই অস্ত্রটি দেওয়া হয়েছিল?
নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগের অভিযোগে দায়ের মামলায় সুপ্রিম কোর্টে বিহার সরকার হলফনামা দাখিল করেছে। হলফনামায় বিহার রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে, ওই পুলিশ কনস্টেবল "জনতার ভিড়ে আটকা পড়েছিলেন", পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই তিনি একে-৪৭ থেকে "আকাশের দিকে" চার রাউন্ড গুলি চালিয়েছিলেন।
বিহার সরকারের দাবি, একে-ফর্টিসেভেনের গুলিতে কোনও বিক্ষোভকারী আহত হননি। তবে রাজ্য সরকার স্বীকার করেছে যে, সেদিন পুলিশের পদক্ষেপের সময় তিনজন বিক্ষোভকারী অন্য আগ্নেয়াস্ত্র থেকে ছোঁড়া গুলিতে আহত হন। হলফনামায় বিক্ষোভ চলাকালীন গুলি চালানোর আরেকটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে।
AK-47 used in student protest,SP removed
ছাত্রবিক্ষোভে একে-ফর্টিসেভেন, এবার সরানো হলো সিওয়ানের এসপি-কে
×
Comments :0