বানভাষি ঘাটালে বন্যার কোনও উন্নতি নেই। একতলা ঘরের সমান জল। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুল পড়ুয়াদের সাইকেল বিলি করতে হেলিকপ্টারে ঘাটালে আসেন। ঘাটালের ১৯টি হাইস্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা ভাড়া করা নৌকায়, কোথায় ডিঙি ও ডোঙা বেয়ে পরীক্ষা কেন্দ্রে এলেন। বহু জায়গায় বন্যার জল ঠেলে স্কুলে ও পরীক্ষা কেন্দ্রে আসতে হলো। প্রশাসনের তরফে কোনও নৌকার ব্যবস্থা করা হয়নি।
রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সাইকেল বিলি অনুষ্ঠানের খরচ নিয়েও একাধিক কথা রয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, ঘাটাল মহকুমায় সেই আমফান বিপর্যয় থেকে ভেঙে পড়া ডোজন খানিক ফ্লাড সেন্টার মেরামত করা যেত, আবার অনেকে বলেন দুই শতাধিক শিশু শিক্ষা কেন্দ্রের ভগ্ন মিড ডে মিলের রান্না ঘর নির্মাণ করা যেতো।
এদিন সভা চলাকালিন ঘাটাল শহরের ৭ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর মৌজায় একতলা ঘর সমান বন্যার জলের স্রোতে দ্বিতল সিঁড়িতে খেলা করার সময় দুই শিশু পড়ে গিয়ে এক তিন বছরের শিশু তলিয়ে যায়। প্রায় ঘন্টা তিনেক পর সেই শিশুর দেহ উদ্ধার হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় বাড়ি ওই শিশুর। ভাই-বোন মিলে খেলা করছিল দ্বিতল বাড়ির বারান্দায়। সেই বারান্দার সঙ্গে সিঁড়ি। নীচে এলতলা সমান জলের স্রোত। তখনই অসাবধানতাবশত বন্যার জলে পড়ে যায় দুজনেই।
ওই এলাকার বাসিন্দা রামকৃষ্ণ চৌধুরীর দুই শিশু সন্তান। দ্রুততার সঙ্গে পুত্র সন্তানটিকে উদ্ধার করা গেলেও কন্যা সন্তানটিকে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সাইকেল বিতরণ সভা থেকে তার সরকার সাইকেলের রঙ পরিবর্তন সহ তার নাম বদলানো কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন রান্নার গ্যাস ৪০০ টাকা, ২০০ ইউনিট বিদ্যুত ছাড়, পেট্রল সহ জিনিস পত্রের দাম কমানো হবে। সেই কথা নিয়ে এখনও নিশ্চুপ মুখ্যমন্ত্রী।
Comments :0