CPIM

ওন্দা ব্লকের রতনপুরে সিপিআই(এম) কার্যালয়ে আক্রমণ বিজেপির

জেলা

ছবি: এআই।

রবিবার রাতে ওন্দা ব্লকের রতনপুর সিপিআই(এম) কার্যালয়ে হামলা চালিয়ে অফিসে থাকা টিভি, একাধিক চেয়ার, টেবিল ও গ্যাস সিলিন্ডার ভাঙ্গচুর করে বিজেপি’র মস্তানবাহিনী। এই ঘটনায় সিপিআই(এম)-র পক্ষ থেকে ওন্দা থানায় লিখিত ভাবে বিজেপি’র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে জানানসিপিআই(এম) নেতা তরুন সরকার। সোমবার সারাদিনই রতনপুরে বিজেপি’র বাহিনী মানুষজনকে হুমকি দিয়ে গেছে। 
ঘটনা হল শনিবার রতনপুর পার্টি অফিসে পার্টির ডাকে কর্মীদের নিয়ে একটি সাধারন সভা হয়। বহু কর্মী ঐ সভায় উপস্থিত ছিলেন। এরপরই ময়দানে নামে বিজেপি বাহিনী। যারা একসময় তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থেকে রতনপুর পার্টি অফিস হামলা করে বন্ধ করে দিয়েছিল, তাদের একটা অংশ এখন বিজেপি’র ঝান্ডা হাতে তুলে নিয়েছে। বেশ কিছুদিন ধরেই তারা মানুষজনকে শাসিয়ে যাচ্ছে যাতে এখানে কোনও মতেই লালঝান্ডার সভা, মিছিল না হয়। কিন্তু মানুষ এসব উপেক্ষা করেই একাধিক বিষয়কে সামনে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাকে ভাঙ্গতেই পার্টি অফিসের উপর হামলা চালানোর উদ্যোগ নেয় শাসকদল। রবিবার রাতে এলাকার সিপিআই(এম) নেতা অরুন দাসকে প্রায় ৫০জন বিজেপি’র মস্তানবাহিনী রতনপুর বাজারে ঘিরে হামলা চালাবার চেষ্টা করে। হুঁশিয়ারি দেওয়া হয় কোনও মতেই যেন অফিস খোলা না হয়। বন্ধ রাখতে হবে সিপিআই(এম) অফিস। লালঝান্ডার কোনও কর্মসূচি রতনপুরে করা চলবেনা। এরপরই ঐ বাহিনী রতনপুর সিপিআই(এম)র কার্যালয়ে গিয়ে তালা ভেঙ্গে দরজা খুলে এই হামলা চালায়। সব কিছুই তছনছ করে দেয়। পুলিশকে জানানোর পর পুলিশের সামনেই হামলা চলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ একটি শেকল লাগিয়ে এক সিপিআই(এম) কর্মীকে ডেকে দরজায় তালা দেয়। এরপরও বিজেপি বাহিনীর আস্ফালন থামেনি। সকাল থেকেই তারা হুমকি দিতে শুরু করে সিপিআই(এম) কর্মীদের নাম করে। পুলিস ঘটনাস্থলে কোনও টহল দেয়নি। একজন সিভিক ভলেন্টিয়ার খালি রয়েছে। রতনপুর এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরী করা হয়েছে। 
 

Comments :0

Login to leave a comment