BJP Reshuffle

চাপে পড়ে আইটি সেলের প্রধান পালটালো বিজেপি

জাতীয়

 দেশজুড়ে ছড়িয়ে পড়া ছাত্র যুব আন্দোলন সঙ্গে উপনির্বাচনে ভরাডুবিতে প্রমাদ গুনছে বিজেপি। দলের হাল ধরতে আসরে নামল আরএসএস। 
দলের অভ্যন্তরে সংস্কার আনতে খোদ আইটি সেল প্রধান অমিত মালব্যের পদও কেড়ে নেওয়া হলো। বিশ্লেষকরা বলছেন, বিজেপি’র অন্দরে এটি সভাপতি পরিবর্তনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ২০১৪ থেকে ২০২৬ পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এই সময়কালে বিজেপি’র তিন জন সভাপতি বদলেছে। বিজেপি আইটি সেলে চরম সাম্প্রদায়িক, উগ্র-জাতীয়তাবাদী, নারী-বিদ্বেষী, দলিত-বিদ্বেষী ও সংখ্যালঘু-বিদ্বেষী অভিমুখ গড়ে তোলার পিছনে তিনিই মূলত দায়ী। 
মঙ্গলবার বিজেপি’র নতুন সভাপতি নীতিন নবিন তাঁর যে নয়া কর্মসমিতির নাম ঘোষণা করেছেন তাতে আরও নানা বিষয়ে ঢালাও বদল আনা হয়েছে। বাড়ানো হয়েছে কম বয়েসের নেতৃত্ব। দলের সহ সভাপতির পদে আনা হয়েছে আরএসএস নেতা রাম মাধবকে। বিশ্লেষকরা বলছেন, মাধবের মতো সরাসরি আরএসএস’র প্রতিনিধিকে এই পদ দেওয়ার অর্থ, বিজেপি’র সাংগঠনিক কাঠামোয় সঙ্ঘ তার প্রভাব বাড়াবে। উল্লেখ্য, গত মাসেই রাম মাধবের বিরুদ্ধে অন্তত চার বার বিদেশের মাটিতে গোপনে পাক সেনার কর্তাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ আনে কংগ্রেস। রাম মাধব এই অভিযোগ অস্বীকার করেননি, উলটে যুক্তি দিয়েছেন যে এগুলি পুরোপুরি অ্যাকাডেমিক অধিবেশন ছিল।    
সাধারণ সম্পাদক পদে আনা হয়েছে প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানীকে। এদিকে সোশাল মিডিয়ায় অমিত মালব্যের শূন্যস্থান পূরণ করবেন ছত্তিশগড়ের বিজেপি নেতা দীপক মাসকে। বিরোধীরা বলছেন, দেশজুড়ে জেন-জি আন্দোলন আরও জোরালো হয়ে ওঠায় সোশাল মিডিয়ায় বিজেপি বেশ কোণঠাসা হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতেই এই রদবদল করা হয়েছে। পাশাপাশি, জাতীয় কর্মসমিতির ৬৫ জন সদস্যের মধ্যে ৫১ জন হলেন নতুন সদস্য।
দলের মিডিয়া টিমের নতুন আহ্বায়ক হয়েছেন সঞ্জয় ময়ূখ। এতে রয়েছেন প্রীতি গান্ধী, শিবানন্দ দ্বিবেদী, আলোক ভাট, সারন যাদব। জাতীয় সচিব পদে নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা বিনোদ তাওয়াদে এবং সুনীল বনসাল। দলের নতুন সহ সভাপতি পদে এসেছেন পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী মধুচন্দ্রা কর, কর্নাটকের কে নাগরাজ, মধ্য প্রদেশের  লাল সিং আর্য, মহারাষ্ট্রের  ভারতী প্রাভীন পাওয়ার এবং গুজরাটের  বর্ষাবেন নরেন্দ্র ভাই দোশী।

Comments :0

Login to leave a comment