Himanta Biswa Sarma

বিজেপি’র ভিডিও-তে চরম বিদ্বেষ বন্দুকবাজ মুখ্যমন্ত্রীর, হিমন্তকে জেলে পাঠানোর দাবি সিপিআই(এম)’র

জাতীয়

গুলি ছুঁঁড়ছেন হিমন্ত বিশ্ব শর্মা। (ভেতরে ছবি) গুলির লক্ষ্য ফেজ টুপি পরা গৌরব গগৈ।

প্রদেশ কংগ্রেস সভাপতিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছেন মুখ্যমন্ত্রী। প্রদেশ সভাপতি গৌরব গগৈকে পরানো হয়েছে ফেজ টুপি। গগৈয়ের পাশে আরেকজন, যাঁর দাড়ি রয়েছে। 
এমন ভিডিও কোনও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নয়, পোস্ট করা হয়েছিল আসামে বিজেপি’র রাজ্য কমিটির অ্যাকাউন্ট থেকে। কেবল রাজ্য নয় এমন বিদ্বেষ এবং হিংসার বেলাগাম প্রচারের প্রতিবাদে সোচ্চার হতে থাকে বড় অংশ। 


সেই ভিডিও আপাতত আসাম রাজ্য বিজেপি’র অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না। 
বিশ্ব শর্মার এমন প্রচারে তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআই(এম)। পার্টি কেন্দ্রীয় কমিটি সোশাল মিডিয়ায় পোস্টে দাবি তুলেছে যে সুপ্রিম কোর্টকে এখনই ব্যবস্থা নিতে হবে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। প্রকাশ্যে হিংসায় উসকানি এবং নিয়মিত বিদ্বেষ প্রচার বন্ধ করতে হবে। সিপিআই(এম)’র দাবি, আসামে বড় রকমের বিপর্যয় হওয়ার আগেই জেলে বন্দি করতে হবে হিমন্ত বিশ্ব শর্মাকে।  
এই প্রথম নয়, আসামের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাগাতার প্রকাশ্যে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছেন। কেবল বিদ্বেষ ছড়ানোতেই সীমিত থাকছেন না বিশ্ব শর্মা। সরাসরি হিংসাকেও উসকে দিচ্ছেন বারবার। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন ঘিরে চরম বিতর্কে এই ভূমিকা আরও স্পষ্ট।
মুসলিমদের অনুপ্রবেশকারী বলে দেগে দেওয়া হচ্ছে। তাদের বিদেশে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। ঠিক যেমন হুমকি পশ্চিমবঙ্গে দিচ্ছেন রাজ্য বিজেপি’র নেতারা। দিল্লি থেকে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সরাসরি এই বিদ্বেষকেই উসকে দিচ্ছেন। তবে বিহারে এসআইআর পর্ব গুটিয়ে গেলেও ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ কারা সেই তালিকা প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন।
ক’দিন আগেই বিশ্ব শর্মা বলেছিলেন ‘মিঞাঁ’-দের যন্ত্রণা দেওয়াই তাঁর দায়িত্ব। ভোটার তালিকা সংশোধনের কাজে তারা যন্ত্রণা পেলে তিনি নিজের দায়িত্ব পালন করেছেন বলে মনে করেন। আসামে বাংলাভাষী মুসলিমদের স্থানীয়ভাবে ‘মিঞাঁ’ বলা হয়।  
জাতীয় কংগ্রেস কমিটির মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, ‘‘প্রতীকী ছবি বা ভিডিও পোস্ট করা হচ্ছে কেমল এমন মনে করলে ভুল হবে। বিজেপি সত্যিই গণহত্যায় নেমেছে। এই বিষ, ঘৃষণা, হিংসা সবই নরেন্দ্র মোদীর জন্য। বিচারব্যবস্থা কি ঘুমাচ্ছে?’’
কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, ‘‘পরিষ্কার গণহত্যার উসকানি দেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট শাসন যা দশকের পর দশক ধরে চেয়ে এসেছে।’’

Comments :0

Login to leave a comment