Polit Bureau

লজ্জাজনক আত্মসমর্পণ, চুক্তিতে সই আটকাতে হবে, বলল পলিট ব্যুরো

জাতীয়

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিস্তারিত বিবরণ ধীরে ধীরে প্রকাশিত হওয়ার পরই স্পষ্ট হয়ে উঠছে যে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার 'অন্তর্বর্তীকালীন চুক্তি'-তে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাপক ছাড় দিয়েছে। যা ভারতের অর্থনীতি, কৃষি ব্যবস্থা এবং জাতীয় সার্বভৌমত্বের জন্য মারাত্মক বিপদ। দেশের শ্রমজীবী কৃষিজীবী এবং সাধারণ মানুষের পক্ষে বিপদজ্জনক চুক্তিতে সই আটকাতে বাধ্য করতে হবে কেন্দ্রের সরকারকে। 
ভারত মার্কিন বাণিজ্য চুক্তির কাঠামোর প্রকাশিত বয়ানের প্রতিক্রিয়ায় এ কথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। পাশাপাশি, সিপিআই(এম) পলিট ব্যুরো দাবি করেছে যে চুক্তির সম্পূর্ণ বয়ান অবিলম্বে সংসদে এবং জনসাধারণের কাছে প্রকাশ করতে হবে। দেশের শ্রমজীবী, কৃষিজীবী সহ সাধারণ জনগণের স্বার্থের পক্ষে বিপদজনক এমন চুক্তি না করতে বাধ্য করতে হবে সরকারকে। 
উল্লেখ্য চুক্তির প্রাথমিক কাঠামো সংক্রান্ত বয়ান প্রকাশ করেছে মোদী সরকার। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ কয়াল বলেছেন আরও কয়েকটি বিশদ খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত চুক্তিতে সই হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তিনি দাবি করেছিলেন ভারতের কৃষি ও ডেয়ারি ক্ষেত্রকে সুরক্ষিত রাখা হয়েছে। কাঠামোর বয়ানেই দেখা গিয়েছে সেই দাবি একেবারে অসত্য।
রবিবার বিবৃতি প্রকাশ করে সিপিআই(এম) পলিট ব্যুরো বলেছে, ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফল, তুলো, বাদাম, সয়াবিন তেল এবং অন্যান্য খাদ্য ও কৃষি পণ্য আমদানির উপর কোনও শুল্ক আরোপ করবে না বলে জানিয়েছে। এই সিদ্ধান্ত দেশজুড়ে লক্ষ লক্ষ আপেল, তুলো চাষিদের জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। 
বিবৃতিতে বলা হয়েছে, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য রাজ্যের আপেল চাষিরা নিউজিল্যান্ডের মতো দেশগুলির সঙ্গে আগে স্বাক্ষরিত চুক্তির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমেরিকার সঙ্গে বর্তমান চুক্তি তাদের জীবন-জীবিকা আরও ধ্বংস করবে। পাশাপাশি তুলো চাষিদের উপর অতিরিক্ত চাষের খরচের বোঝা রয়েছে। তাঁরা আরও ক্ষতিগ্রস্ত হবেন।
চুক্তিতে আরও বলা হয়েছে যে ভারত সরকার খাদ্য ও কৃষি পণ্যের উপর আমেরিকা থেকে আমদানিতে শুল্ক বহির্ভূত বাধাও দূর করতে রাজি হয়েছে। যার অর্থ, ভারতীয় কৃষকদের জন্য সহায়তা এবং ভর্তুকি প্রত্যাহার করা হবে। ফলে মার্কিন কৃষি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় ভারতীয় কৃষকরা পিছিয়ে পড়বেন।
বিবৃতিতে বলা হয়েছে, এই বাণিজ্য চুক্তি ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত। কারণ রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই সংক্রান্ত যে প্রশাসনিক নির্দেশিকা জারি করেছেন তাতে স্পষ্ট আমেরিকার নির্দেশ ভারত মানছে কি না তার ওপর ওয়াশিংটন থেকে নজরদারি করে হবে। এটি বিজেপি-নেতৃত্বাধীন সরকারের লজ্জাজনক আত্মসমর্পণ। 
চুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ব্যাপারে আমেরিকার উপর যেভাবে নির্ভরতা প্রকাশ করা হয়েছে তাতেও গভীর খেদ জানিয়েছে পলিট ব্যূরো

Comments :0

Login to leave a comment