কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা ‘ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার’ বা ইজেডসিসি (EZCC)-তে সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার বুকিং বাতিল করার ক্ষোভ জানালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি।
উল্লেখ্য, জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রের সহায়তায় সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২২ নভেম্বর, রবিবার, কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে হবে এই অনুষ্ঠান। সাম্প্রদায়িকতা ও গণতন্ত্র বিষয়ক গবেষণা পত্র উপস্থাপন করা হবে। সেই সঙ্গে আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে ক্ষোভের সঙ্গে জানানো হয় যে প্রায় তিন মাস আগে এই অনুষ্ঠান করার জন্য বিধাননগরে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (ইজেডসিসি) বুকিং করা হয়। কিন্তু শেষ মূহূর্তে সেই বুকিং বাতিল করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করে বেবি বলেন, ২২ নভেম্বর, রবিবার এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ইজেডসিসি-তে। অনুষ্ঠানটির জন্য কয়েক মাস আগেই জায়গাটি বুক করা হলেও, ১৬ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে যে ‘অনিবার্য কারণে‘ ওই বুকিং বাতিল করা হয়েছে।
পোস্টে বেবি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে কোনও অনুষ্ঠানের জন্য সাধারণের ব্যবহারের অনুষ্ঠান স্থলের অনুমতি না পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে বিজেপি ও সঙ্ঘ পরিবার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। নিজেদের খেয়ালখুশি মতো সেগুলো পরিচালনা করছে। এমনকি এসব প্রতিষ্ঠানকে আরএসএস নিজেদের সহযোগী সংগঠনগুলোর প্রচারের কাজেও ব্যবহার করাচ্ছে।
বেবি বলেছেন, কলকাতার এসআরএফটিআই-তে আরএসএস-ঘনিষ্ঠ একটি সংগঠন, যাদের চলচ্চিত্র বা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে কোনো সম্পর্কই নেই, তাদের ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদ জানানোয় ওই সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
বেবি লিখেছেন, জেনে রাখা ভালো যে ইজেডসিসি’র অনুমতি বাতিল করা হলেও সিপিআই(এম)-র প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণে গঠিত এই ফাউন্ডেশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আটকে রাখতে পারবে না। বরং, ইজেসিসি’র সুনাম ক্ষুণ্ণ হবে।
উল্লেখ্য, কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে দেশের বিভিন্ন জায়গা থেকে গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। সীতারাম ইয়েচুরিকে স্মরণে রেখে বর্তমান সময়ে সাম্রাজ্যবাদ বিষয়ক এই কর্মসূচিটি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রথম পর্যায়ে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলির ওপরে গবেষণাপত্র উপস্থাপন করবেন ৮ শিক্ষার্থী গবেষক। এ কাজের জন্য সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন অনলাইনে আবেদন একটি প্রতিযোগিতা করেছিল, তাতে সারা দেশ থেকে ১৬৮ জন গবেষণা পত্র জমা দিয়েছিলেন। এর মধ্য থেকেই আবেদনকারীদের ইন্টারভিউ করে ৮টি গবেষণা পত্রকে উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ‘জেন জি’ আন্দোলন সম্পর্কিত বিষয়ে একটি মত বিনিময়মূলক আলোচনা চক্রে অংশ নেবেন তরুণ প্রজন্মের আন্দোলনের বিশিষ্টরা।
আর সবশেষে তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে একটি সেমিনার। আজকের দিনের সাম্রাজ্যবাদ বিষয়ক এই সেমিনারে অংশ নেবেন দেশের বিশিষ্ট একাধিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপলক্ষে সীতারাম ইয়েচুরির জীবন ও কাজ সম্পর্কিত একটি প্রদর্শনী ও তথ্যচিত্রও প্রদর্শন করা হবে।
M A Baby on EZCC Cancellation
ইজেডসিসি'তে সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের কর্মসূচি বাতিলে ক্ষোভ বেবি’র
সীতারাম ইয়েচুরির সঙ্গে এম এ বেবি। ছবি সংগ্রহ থেকে।
×
Comments :0