MUKTADHARA | PARBAN 1433 | PROBANDHA | SALIL CHOWDHARY 101 | PALLAV MUKHAPADHAYA | 19 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | পার্বণ ১৪৩৩ | প্রবন্ধ | এক মহান সংগীতজ্ঞ এবং একটি গানের জন্ম | পল্লব মুখোপাধ্যায় | ১৯ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  PARBAN 1433  PROBANDHA  SALIL CHOWDHARY 101  PALLAV MUKHAPADHAYA  19 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

পার্বণ ১৪৩৩

প্রবন্ধ

এক মহান সংগীতজ্ঞ এবং একটি গানের জন্ম : পল্লব মুখোপাধ্যায় 

১৯ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ 

বাংলা তথা ভারতীয় সংগীতের অন্যতম শ্রেষ্ঠ সংগীত ব্যক্তিত্ব সলিল চৌধুরী | এই নিবন্ধে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু তাঁর প্রচলিত ধারা থেকে সরে আসার
বিষয়টি। শিল্পের ক্ষেত্রে এই প্রচলিত ধারা থেকে সরে আসার প্রভাব অপরিসীম এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যথাযথ প্রচলিত ধারা থেকে সরে আসা ছাড়া কোনও সৃজনশীল
শিল্পী কখনই নতুন ধারার প্রবর্তক হতে পারেন না। একজন প্রকৃত সৃজনশীল শিল্পীকে নিজস্ব স্বকীয়তা গড়ে তোলার জন্য প্রচলিত ধারণা, প্রতিষ্ঠিত নীতি, দীর্ঘদিনের
প্রথা এবং বহুল ব্যবহৃত রীতিনীতি থেকে বেরিয়ে আসতে হয়। এ এমন এক প্রধান উপায়, যার মাধ্যমে একজন শিল্পী তাঁর নিজস্ব অন্তর্নিহিত আদর্শকে তুলে ধরতে পারেন।
সলিল চৌধুরীও তাঁর অসাধারণ সৃষ্টির মধ্য দিয়ে এমন বেশ কিছু প্রচলিত ধারা থেকে সরে আসার ঘটনা ঘটিয়েছেন। তাঁর গানগুলিতে চমৎকার রূপকের আশ্রয়ে আর্থ-সামাজিক
বার্তা অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। এই নিবন্ধে আমরা তাঁর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা গান বিশ্লেষণের চেষ্টা করেছি যা তাঁর শৈল্পিক উৎকর্ষের পাশাপাশি প্রচলিত
ধারা থেকে বেরিয়ে আসার প্রবণতাকেও তুলে ধরে। নিঃসন্দেহে, সংগীতের ক্ষেত্রে নতুন পরীক্ষা-নিরীক্ষা চালানোর প্রেক্ষিতে সলিল চৌধুরী একজন পথপ্রদর্শক বা নতুন
ধারার প্রবর্তক। আর এভাবেই তিনি গড়ে তুলেছিলেন তাঁর নিজস্ব সংগীত-ভাষা।
 

"এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে/অনেক কিছু জীবনে যোগ দিলাম/ ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে/ভুবনটারে আপন করে নিলাম" গানটি সলিল চৌধুরীর এক
অত্যন্ত তাৎপর্যপূর্ণ সৃষ্টি। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শচীন গুপ্ত এবং এটি ১৯৬১ সালে মুক্তি পায়। ১৯৮০ সালে গানটি পুনরায় মুক্তি পায় আর এবার এতে কণ্ঠ দেন লতা
মঙ্গেশকর । গানটির এই দ্বিতীয় সংস্করণটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এবং আজও এটি অন্যতম জনপ্রিয় বাংলা অ-চলচ্চিত্র গান হিসেবে গণ্য হয়। লতা মঙ্গেশকর
ছাড়াও পরবর্তীকালে আরও অনেক শিল্পী এই গানটি গেয়েছেন এবং ‘রিমেক সংস্করণ’ হিসেবে প্রকাশ করেছেন।
 

পুরো গানটি হল -
 

"এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে
অনেক কিছু জীবনে যোগ দিলাম
ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে
ভুবনটারে আপন করে নিলাম

সবার হরষে হাসি বেদনে কাঁদি
বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধি
সবই হারায়ে আবার সবই কিছু যে পেলাম
যখন যেখানে তখন সেখানে থাকি
সুনীল আকাশে নিজের মাথারে ঢাকি
ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম|"
 

গানটির সূচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি গানটির সুর ও মেজাজকে যথাযথভাবে নির্ধারণ করে দেয়। একই সঙ্গে, এটি স্রষ্টার উদ্দেশ্যকেও একেবারে স্পষ্ট করে
তোলে। সলিল শুরু করেন এভাবে - ‘এবার আমি আমার থেকে/আমাকে বাদ দিয়ে,/অনেক কিছু জীবনে যোগ দিলাম/ছোট যত আপন ছিল/বাহির করে দিয়ে/ভুবনটারে আপন করে
নিলাম। এই প্রসঙ্গে স্বভাবতই মনে পড়ে যায় রবীন্দ্রনাথের সেই অসাধারণ দুটি পঙ্‌ক্তি - ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া/বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া’ ।
সলিল যেন রবীন্দ্রনাথের এই উপলব্ধিরই প্রতিধ্বনি করেন। দ্বিতীয় স্তবকে সলিল এমন এক অনুভূতির কথা তুলে ধরেন, যা সর্বজনীন। পুরো গানটি
উত্তম পুরুষে (প্রথম পুরুষে) রচিত | সলিল জানান যে, অন্যদের আনন্দ দেখে তিনি আনন্দিত হন, আবার অন্যদের কষ্ট দেখে তিনি নিজেও ব্যথিত হয়ে ওঠেন। এই
প্রসঙ্গে সলিল ‘মুক্তির জাল’ এমন একটি চমৎকার শব্দবন্ধ ব্যবহার করেছেন, যা একটি বিরোধাভাস বা অক্সিমোরোন। এরপর সলিল বলছেন, সবকিছু হারিয়েই তিনি
আসলে সবকিছু পেয়েছেন।
গানের পরবর্তী অংশেও সলিল একই মনোভাব বজায় রেখেছেন। তাঁর কথায়, তিনি যেকোনও জায়গায় থাকতে পারেন, এমনকি খোলা আকাশই হতে পারে তাঁর মাথার ওপরের
ছাদ। এরপর আসে গানটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ পঙ্‌ক্তি যেখানে সলিল বলেন যে, প্রতিটি ঘরেই তাঁর মা, ভাই ও বোন রয়েছেন। এখানেই গানের মূল ভাবটি পূর্ণতা পায় এবং
বার্তাটি স্পষ্ট হয়ে ওঠে। সলিল এখানে এক ‘বিশ্বচেতনা’-র কথা তুলে ধরেন। যেন পুরো পৃথিবীই একটি অখণ্ড স্থান, যা কোনও জাতি, ধর্ম, ভাষা কিংবা রাজনৈতিক বা
ভৌগোলিক সীমানা দ্বারা বিভক্ত নয়।
এই গানে সলিল তৎকালীন বাংলা গানের প্রথাগত প্রেমের বিষয়বস্তু থেকে সরে এসে প্রকৃত অর্থেই ‘রোম্যান্টিক’ হয়ে ওঠেন। তিনি যেন এক অখণ্ড বিশ্বকে আলিঙ্গন করতে চেয়েছেন, ব্যক্তিগত প্রেমের গণ্ডি পেরিয়ে তিনি পৌঁছে গেছেন সর্বজনীন প্রেমের স্তরে। এছাড়া, একজন সুরকার হিসেবে সলিল এই গানে বিশেষ করে দ্বিতীয়
সংস্করণে বাদ্যযন্ত্রের বিন্যাস বা অর্কেস্ট্রেশন নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। গানের প্রারম্ভিক অংশে (প্রিলিউড) এবং মধ্যবর্তী অংশে (ইন্টারলুড)
পিয়ানোর ব্যবহার ছিল অসাধারণ। ১৯৬১ সালের প্রথম সংস্করণে আমরা ‘ওয়াল্টজ’ ছন্দের একটি স্পষ্ট ও প্রায় প্রথাগত কাঠামো দেখতে পাই। পরবর্তী সংস্করণে সলিল
ছন্দের কাঠামো নিয়ে নিরীক্ষা চালিয়েছেন এবং সচেতনভাবেই প্রথাগত ওয়াল্টজ রীতি থেকে সরে এসেছেন। এই গানের অর্কেস্ট্রেশনে পিয়ানো হয়ে উঠেছে প্রধান বাদ্যযন্ত্র।
এর পাশাপাশি স্ট্রিং সেকশনের মাধ্যমে হার্মোনি বা সুরের মেলবন্ধন তৈরি করা হয়েছে। কর্ডের প্রয়োগও এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ | সলিল এখানে ‘রিলেটিভ মাইনর’
এবং বিভিন্ন ‘অ্যাডেড কর্ড’ ব্যবহার করেছেন। সঙ্গীত গবেষকদের মতে, নেপথ্য অর্কেস্ট্রেশনের ব্যাপক ব্যবহারের মাধ্যমে পরবর্তীকালের ‘আরবান ফোক’ বা
নাগরিক লোকসঙ্গীত ধারায় সলিল চৌধুরী অন্যতম প্রধান প্রভাবক হয়ে উঠেছিলেন। সলিলের হাতে অর্কেস্ট্রেশন তার বহুকাঙ্ক্ষিত মুক্তি লাভ করেছিল; তিনি অনুষঙ্গী
বাদ্যযন্ত্রগুলিকে কেবল নেপথ্য অনুষঙ্গ হিসেবে না রেখে সেগুলিকে এক একটি স্বতন্ত্র কণ্ঠস্বর বা সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, যা মূল কণ্ঠের গায়কী বা
ভাবার্থকে আরও স্পষ্ট করতে কিংবা তাতে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছিল | সুতরাং, একথা বলাই যায় যে, এই গানটি সলিলের সামগ্রিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের এক
বলিষ্ঠ সাক্ষ্য বহন করে। এখানেই মহান সুরস্রষ্টা সলিল চৌধুরী-র স্বাতন্ত্র্য এবং অভিনবত্ব | এই কীর্তিতখ্যাতি সৃজনশিল্পীর জন্মদিনে আসুন, আমরা তাঁর সৃষ্ট অমর
সংগীতসম্ভার-কে বারংবার শুনি ও ঋদ্ধ হই |

__________

 

Comments :0

Login to leave a comment