Secondary and Higher Secondary Examination

পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

রাজ্য

২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষা জনগণনার কারণে পিছিয়ে গেল। শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা সম্ভাব্য ২ মার্চ শুরু হয়ে চলতে পারে ১৬ মার্চ পর্যন্ত। আর মাধ্যমিক শেষ হওয়ার ঠিক দু’দিন পর থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতে পারে ১২ এপ্রিল পর্যন্ত। আগামী ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জনগণনার কাজ চলবে। ১ থেকে ৫ মার্চ হবে সংশোধনী পর্যায়। সেখানে স্ব-গণনার সুযোগ মিলবে ১০ থেকে ২৪ জানুয়ারি। জনগণনার ভিত্তি-সময় ২০২৭ সালের ১ মার্চ রাত ১২টা। এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হচ্ছে। তথ্য সংগ্রহে ডিজিটাল সরঞ্জাম, জনগণনাকারীদের হাতে থাকা বিশেষ যন্ত্র এবং তাৎক্ষণিক তথ্য পাঠানোর উপযোগী সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, ১৬টি ভারতীয় ভাষায় স্ব-গণনার ব্যবস্থা চালু হয়েছে। সরকারি পোর্টালে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে পরিবার ও ব্যক্তিগত তথ্য সংক্রান্ত ৪০টি নির্ধারিত প্রশ্নের উত্তর দিতে হবে। যে পরিবারগুলি অনলাইনে স্ব-গণনায় অংশ নেবে না,  তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন জনগণনাকারীরা। ১৯৪৮ সালের জনগণনা আইন অনুযায়ী, সংগৃহীত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং শুধুমাত্র পরিসংখ্যান তৈরি ও উন্নয়ন পরিকল্পনার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। জনগণনার কাজে ব্যস্ত শিক্ষক-শিক্ষিকারা। তাই পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, জনগণনার কাজের জন্যেই পরীক্ষার দিন পিছনো হল। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষার কারণে পরীক্ষার মধ্যে বেশ কিছুদিন ছুটিও দেওয়া হয়েছে। যদিও এই সূচি এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময় সূচি চূড়ান্ত অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে। জনগণনার প্রক্রিয়া ও পরিস্থিতি খতিয়ে দেখে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হবে।

Comments :0

Login to leave a comment