বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ
পঞ্চায়েত ভোটে বাস ভাড়া দিয়েও আজও মেলেনি ভাড়া, এমনকি লোকসভা ভোট, বিধানসভা ভোটে বাস ভাড়া দিয়ে টাকা মেলেনি। কয়েকলক্ষ টাকা বকেয়া বাস মালিকদের। ঋণের দায়ে জর্জরিত। কয়েকদফায় প্রশাসনের দারস্থ হলেও মেলেনি সদুত্তর। বাধ্য হয়ে বুধবার থেকে ৩ দিনের বাস ধর্মঘট শুরু হয় উত্তর দিনাজপুর জেলায়। বাসভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আজ বুধবার থেকে টানা ১৮, ১৯ ও ২০ নভেম্বর টানা তিন দিন বেসরকারি যাত্রী পরিবহণ বন্ধের ডাক দেয় উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ অটো এন্ড ট্রেকার্স ওউনার্স এসোসিয়েশন। বাসভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবিতে বুধবারের পর বৃহস্পতিবারও ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামেনি অটো, ট্রেকার। সারাদিন নাজেহাল যাত্রী সাধারণ মানুষ। ধর্মঘটের সুযোগ নিচ্ছে টোটো চালকরা। উভয় সংগঠনের পক্ষ থেকে যাত্রী সাধারণের উদ্দেশে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরিবহণ শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে একাধিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, ২০১৮ সালে ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৬৪ টাকা। বর্তমানে তা বেড়ে প্রায় ১০০ টাকা হয়েছে। পাশাপাশি টায়ার, যন্ত্রাংশ ও বিমার খরচ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাতীয় সড়কে চলাচলকারি গাড়ির টোল ট্যাক্সও প্রতি বছর বাড়ানো হচ্ছে। অথচ বাসভাড়া দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকায় পরিবহণ ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
বাস মালিক সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিকের অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ব্যবহৃত বাস, মিনিবাস, ট্রেকার ও অটো ট্রেকার ভাড়াও প্রশাসনের কাছে এখনও বকেয়া রয়েছে। সেই টাকা কবে পাওয়া যাবে, তা নিয়েও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি বলে অভিযোগ। সংগঠনের দাবি সরকারি নির্দেশ উপেক্ষা করে রাজ্য ও জাতীয় সড়কে টোটোর বৈধ পারমিট ছাড়া অটোরিকশা চলাচলের ফলে বাস পরিবহণ ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে সরকারি পারমিটপ্রাপ্ত ট্রেকার পরিষেবাও প্রায় অবলুপ্তির পথে বলে দাবি করা হয়েছে। বারবার প্রশাসনের কাছে আবেদন জানানো সত্ত্বেও অবৈধ টোটো অন্যান্য ভুটভুটি যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সংগঠনের সুস্পষ্ট বক্তব্য, সাধারণ মানুষকে অসুবিধায় ফেলা তাদের উদ্দেশ্য নয়। বরং বেসরকারি যাত্রী পরিবহণ ব্যবস্থার অস্তিত্ব রক্ষা, পরিবহণ শিল্পের ন্যায্য দাবি আদায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই বাধ্যতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। টানা তিন দিনের এই কর্মসূচি বাস্তবায়িত হলে স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রী, ব্যবসায়ী ও নিত্যযাত্রীদের বুধবার থেকে ব্যাপক সমস্যা শুরু হয়েছে।
Bus Strike North Dinajpur
উত্তর দিনাজপুরে ৩ দিনের পরিবহণ ধর্মঘটে বিপাকে যাত্রীরা
×
Comments :0